বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নতুন উদ্যোগে পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

নতুন উদ্যোগে পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে: অর্থমন্ত্রী
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কমিশনের স্বচ্ছ ও পেশাদার নেতৃত্বের কারণে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। এর ফলে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানি ও বিদেশি ফান্ড ম্যানেজারদেরও বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বাড়ছে।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে তারকা চিহ্নিত ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

প্রশ্নে সংসদ সদস্য বলেন,মাননীয় মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি গত ফ্যাসিস্ট সরকারের আমলে শেয়ার বাজার লোটপাটের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে জনসম্মুখে তাদের তালিকা প্রকাশ ও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, নেয়া থাকলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?

উত্তরে মন্ত্রী জানান, গত সরকারের সময়ে শেয়ারবাজারে কারসাজি ও অনিয়মে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোট ১ হাজার ৪৯৭ কোটি টাকা অর্থদণ্ড আরোপ করেছে। এর মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)-এর শেয়ার লেনদেনে কারসাজির ঘটনায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪২৮ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, বিএসইসি গঠিত অনুসন্ধান ও তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেও দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতে শুধু বাজেট নয়, কার্যকর বাস্তবায়ন জরুরি: অর্থমন্ত্রী

সম্পূরক প্রশ্নে করে সংসদ সদস্য মো. কামরুল হাসান জানতে চান, অতীতে রাজনৈতিক বিবেচনায় এবং অসৎ ব্যক্তিদের বিএসইসিতে নিয়োগ দেওয়া হয়েছিল বলে জনমনে ধারণা রয়েছে। তাই ভবিষ্যতে এ ধরনের নিয়োগ এড়ানো হবে কি না এবং আগের কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না?

জবাবে অর্থমন্ত্রী বলেন, আগের বিএসইসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা ও তদন্ত চলছে।

তিনি জানান, নতুন করে বিএসইসি পুনর্গঠন করা হয়েছে। বর্তমানে একজন চেয়ারম্যান ও তিনজন সদস্য দায়িত্ব পালন করছেন এবং আরও একজন সদস্য নিয়োগের প্রক্রিয়া চলছে।

অর্থমন্ত্রী বলেন, নিয়োগ প্রক্রিয়া ছিল অত্যন্ত স্বচ্ছ এবং নিয়োগপ্রাপ্ত সবাই পেশাদার, যাদের আন্তর্জাতিক পুঁজিবাজারে কাজের অভিজ্ঞতা রয়েছে। তাদের যোগ্যতা নিয়ে সরকারের কোনো প্রশ্ন নেই।

তিনি দাবি করেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসায় বাজার ঊর্ধ্বমুখী হয়েছে। একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানি এবং বিদেশি ফান্ড ম্যানেজারদের মধ্যেও বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে আগ্রহ বাড়ছে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আস্থাভিত্তিক একটি পুঁজিবাজার গড়ে তোলা। ইতোমধ্যে সেই প্রচেষ্টার ইতিবাচক ফল দৃশ্যমান হচ্ছে।

এমএইচএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর