মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ইভি ও দেশীয় গাড়ি কিনতে ঋণ সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

ইভি ও দেশীয় গাড়ি কিনতে ঋণ সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বৈদ্যুতিক (ইভি), হাইব্রিড ও দেশীয়ভাবে উৎপাদিত গাড়ির ব্যবহার উৎসাহিত করতে নতুন ঋণসুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। 

নতুন নির্দেশনায় এসব গাড়ি কেনার ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর পাশাপাশি গ্রাহকের নিজস্ব বিনিয়োগের বাধ্যবাধকতা কমানো হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত ঋণের সর্বোচ্চ মেয়াদ বাড়িয়ে ৮ বছর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি)। 

নতুন নির্দেশনা অনুযায়ী, সাধারণ গাড়ি কেনার ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত অটো ঋণ নিতে পারবেন, যা আগের নিয়মের মতোই বহাল থাকবে। তবে বৈদ্যুতিক, হাইব্রিড ও দেশীয়ভাবে উৎপাদিত গাড়ি কেনার ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সাধারণ অটো ঋণের ক্ষেত্রে ঋণ-ইক্যুইটি অনুপাত সর্বোচ্চ ৬০ শতাংশ থাকলেও বৈদ্যুতিক, হাইব্রিড ও দেশীয় গাড়ির জন্য তা ৮০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে এসব গাড়ি কিনতে গ্রাহকদের তুলনামূলক কম নিজস্ব অর্থ বিনিয়োগ করতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যক্তিগত ঋণ এবং ভোক্তা টেকসই পণ্য কেনার ঋণের সর্বোচ্চ মেয়াদ এখন থেকে ৮ বছর হবে। এর আগে এ ধরনের ঋণের মেয়াদ কম ছিল।

এদিকে ভোক্তা ঋণের প্রবৃদ্ধির ওপর আরোপিত একটি সীমাবদ্ধতাও তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২০১৭ সালের একটি নির্দেশনা এবং চলতি বছরের মে মাসে জারি করা আরেকটি নির্দেশনায় বলা হয়েছিল, কোনো ব্যাংকের মোট ভোক্তা ঋণের প্রবৃদ্ধি তার মোট ঋণ প্রবৃদ্ধির হার অতিক্রম করতে পারবে না। নতুন সার্কুলারের মাধ্যমে সেই শর্ত প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশোধিত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই নীতির ফলে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়বে, একই সঙ্গে দেশীয় অটোমোবাইল শিল্পের বিকাশেও সহায়ক ভূমিকা রাখবে।

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর