সরকার পরিচালন বাজেটের আওতায় অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) আয়োজিত সেমিনার ও কর্মশালার বিভিন্ন খাতের সম্মানীর হার পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন হার অনুযায়ী মূল প্রবন্ধ উপস্থাপক, সঞ্চালক, আলোচক, র্যাপোর্টিয়ার ও অংশগ্রহণকারীদের জন্য পৃথক সম্মানী নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি শাখা-২ থেকে জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়। অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম পরিপত্রে স্বাক্ষর করেন।
বিজ্ঞাপন
পরিপত্রে বলা হয়েছে, অনলাইনে আয়োজিত সেমিনার বা কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপকের স্থান নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫০০ টাকা। সঞ্চালক পাবেন ৪ হাজার টাকা। একই হারে সর্বোচ্চ তিনজন আলোচককে জনপ্রতি ৪ হাজার টাকা করে সম্মাননা দেওয়া যাবে।
এ ছাড়া র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালনকারীদের জন্য জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা সম্মানী নির্ধারণ করা হয়েছে। এ খাতে সর্বোচ্চ দুজনকে সম্মানী দেওয়া যাবে। সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেককে ১ হাজার টাকা করে সম্মানী প্রদানের বিধান রাখা হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, অনলাইনে আয়োজিত সেমিনার ও কর্মশালার সম্মানী সংক্রান্ত অর্থ বিভাগের ২০২১ সালের ২৫ আগস্ট জারি করা ২২৯ নম্বর স্মারক বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে নতুন পরিপত্র অনুযায়ী অনলাইন সেমিনার ও কর্মশালার সম্মানী পরিশোধ করা হবে। আজ থেকেই নতুন নির্দেশনা কার্যকর হবে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে অনলাইনভিত্তিক সরকারি সভা, সেমিনার ও কর্মশালার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বর্তমান বাস্তবতা বিবেচনায় সম্মানীর হার পুনর্নির্ধারণ করা হয়েছে। তাদের আশা, নতুন হার কার্যকর হলে অনলাইনভিত্তিক জ্ঞান বিনিময়, প্রশিক্ষণ ও নীতিনির্ধারণী কার্যক্রমে অংশগ্রহণে সংশ্লিষ্টদের আগ্রহ আরও বাড়বে।
এএইচ/এমআই




