মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

বাজেটের প্রভাব পড়েনি, সরবরাহ সন্তোষজনক: কারওয়ান বাজারে প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

বাজেটের প্রভাব পড়েনি, সরবরাহ সন্তোষজনক: কারওয়ান বাজারে প্রতিমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বগতি দেখা যায়নি বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

সোমবার (১৫ জুন) রাজধানীর কারওয়ান বাজারে আকস্মিক পরিদর্শন শেষে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে কথা বলেন। পাশাপাশি বাজারে উপস্থিত ক্রেতাদের কাছ থেকেও মূল্য পরিস্থিতি সম্পর্কে মতামত নেন।

প্রতিমন্ত্রী বলেন, আকস্মিক পরিদর্শনের মাধ্যমে আমরা সার্বিক বাজার পরিস্থিতি জানার চেষ্টা করেছি। বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং সরবরাহব্যবস্থাও সন্তোষজনক বলে প্রতীয়মান হয়েছে।

তিনি বলেন, সরকার ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জনবান্ধব বাজেটে সামাজিক সুরক্ষা ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যে কর ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

শরীফুল আলম আরও বলেন, বিগত বছরগুলোতে বাজেট ঘোষণার পর বাজারে মূল্যবৃদ্ধির যে প্রবণতা দেখা যেত, এবার তা পরিলক্ষিত হয়নি। কারণ, এবারের বাজেট জনগণকে স্বস্তি দেওয়ার লক্ষ্য নিয়েই প্রণয়ন করা হয়েছে।


বিজ্ঞাপন


তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সমন্বিত তদারকির কারণে বাজারে স্বাভাবিক সরবরাহব্যবস্থা বজায় রয়েছে।

অহেতুকভাবে কোনো পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সেবাস্টিন রেমাসহ বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর