সাম্প্রতিক অস্থিরতার মধ্যে বন্ধ বা ভেঙে ফেলা বিভিন্ন মেয়াদি ও সঞ্চয়ভিত্তিক আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। আগামী সাত কর্মদিবসের মধ্যে গ্রাহকরা এসব হিসাব পুনরায় সচল করলে হিসাব খোলার সময়কার মুনাফাসহ আগের সব সুবিধা ও শর্ত বহাল থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।
সোমবার (১৫ জুন) জারি করা এক অভ্যন্তরীণ নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক গ্রাহক উদ্বেগের কারণে তাদের মুদারাবা টার্ম ডিপোজিট (এমটিডিআর), মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম (এমএমপিডিএস), মুদারাবা স্পেশাল সেভিংস স্কিম (এমএসএস) এবং মুদারাবা সেভিংস বন্ড (এমএসবি) হিসাব ভেঙে বা বন্ধ করে অর্থ উত্তোলন করেছেন। গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বিশেষ এই সুবিধা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
নির্দেশনা অনুযায়ী, ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে বন্ধ বা ভাঙানো এমটিডিআর, এমএমপিডিএস, এমএসএস ও এমএসবি হিসাবধারীরা আবেদন করলে সেগুলো পুনরায় চালু করা হবে। এ ক্ষেত্রে হিসাব খোলার সময় নির্ধারিত মুনাফার হার ও অন্যান্য সুবিধা অপরিবর্তিত থাকবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকের সব জোন, শাখা ও উপশাখাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্ধ হওয়া হিসাবগুলোর তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে মোবাইল ফোন ও ঠিকানার মাধ্যমে যোগাযোগ করার কথাও বলা হয়েছে।
ব্যাংকটির কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সময়ে ব্যাংককে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে কিছু গ্রাহক আমানত তুলে নিয়েছেন। পুনরায় হিসাব চালুর এ উদ্যোগ গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি ব্যাংকে আমানতের প্রবাহ বাড়াতে সহায়ক হবে।
বিজ্ঞাপন
সম্প্রতি চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় অস্থিরতা দেখা দেয়। এরপর কয়েক কার্যদিবসে বিপুল পরিমাণ আমানত উত্তোলনের ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের মতে, আমানত ধরে রাখা এবং উত্তোলিত অর্থ পুনরায় ব্যাংকে ফিরিয়ে আনতেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
টিএই/এফএ




