আগামী ৩০ জুনের মধ্যে বকেয়া পৌরকর পরিশোধ করলে ১৫ শতাংশ সারচার্জ সম্পূর্ণ মওকুফ করার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে এক সভায় এ ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।
বিজ্ঞাপন
তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন এবং করদাতাদের বকেয়া পৌরকর পরিশোধে উৎসাহিত করতে ১৫ শতাংশ সারচার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে। আজ ৯ জুন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে। করদাতারা এই সুযোগ গ্রহণ করে অতিরিক্ত আর্থিক বোঝা ছাড়াই তাদের বকেয়া কর পরিশোধ করতে পারবেন।
আবদুস সালাম বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সড়ক নির্মাণ, ড্রেনেজ উন্নয়ন, মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে কাজ করে যাচ্ছে। তবে নাগরিক সেবার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে রাজস্ব আদায় বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সিটি করপোরেশন নাগরিকদের কর ও ভাড়ার অর্থেই পরিচালিত হয়। রাজস্ব ঘাটতির কারণে সেবা কার্যক্রমে চাপ তৈরি হচ্ছে, তাই ব্যবসায়ীদের নিয়মিত কর ও ভাড়া পরিশোধে এগিয়ে আসতে হবে।
নগরবাসী, ব্যবসায়ী ও করদাতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বকেয়া পৌরকর পরিশোধে প্রদত্ত সারচার্জ মওকুফের এই বিশেষ সুযোগ গ্রহণের মাধ্যমে করদাতারা যেমন আর্থিকভাবে উপকৃত হবেন, তেমনি নগরের উন্নয়ন কার্যক্রমও আরও বেগবান হবে।
বিজ্ঞাপন
এএম/এআর




