ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে আজও সড়কে নেমেছেন ব্যাংকটির গ্রাহকরা। একই দাবিতে সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে দুই ঘণ্টার কলম বিরতি পালন করেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (৮ জুন) সকালে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
সমাবেশে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমকে পদত্যাগ করতে হবে। তিনি অভিযোগ করেন, খুরশীদ আলম ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও এস আলম গ্রুপের উত্তরসূরি হিসেবে কাজ করছেন।
সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশের সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংককে বিতর্কিত ব্যক্তিদের হাতে তুলে দিয়ে অর্থনীতি ধ্বংস করা উচিত হবে না।
তিনি আরো দাবি করেন, খুরশীদ আলম অতীতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্বে থাকাকালে পদত্যাগ করে চলে যান। এমন একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অধ্যাপক নুর নবী মানিক বলেন, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের সব শাখা ও উপশাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করা হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ওই দুই ঘণ্টা লেনদেন কার্যক্রম বন্ধ রেখে কলম বিরতি পালনের আহ্বান জানান। সমাবেশে ব্যাংকের শেয়ারহোল্ডার, গ্রাহক ও ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
টিএই/এমআর




