বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

বাড়ল বিদ্যুতের দাম, জুন থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৩:১০ পিএম

শেয়ার করুন:

Electricity
ফাইল ছবি

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে পাইকারিতে বেড়েছে ১৯.৮৫ শতাংশ। এছাড়া সঞ্চালন চার্জ বাড়ানো হয়েছে ২৩.৯৬ শতাংশ।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন ট্যারিফ ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ।

ঘোষণা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং খুচরা পর্যায়ে ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জও ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।

এর আগে গত ৩ থেকে ৬ মে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ সংশ্লিষ্ট সংস্থাগুলো বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার এবং সঞ্চালন মাশুল বৃদ্ধির আবেদন করে বিইআরসির কাছে।

পরে ২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানিতে রাজনৈতিক নেতা, ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা দাম বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করেন। তাদের দাবি ছিল, খাতটির দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও ভুল পরিকল্পনার দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো উচিত নয়।

প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছিল।

সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় মূল্য ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর