বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ১২:১৩ পিএম

শেয়ার করুন:

বিক্ষোভ মিছিল
ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালসহ সাত দফা দাবিতে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ মিছিল করেছেন ব্যাংকটির গ্রাহকরা।

বুধবার (০৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে সমাবেশ করেন আন্দোলনকারীরা।


বিজ্ঞাপন


সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে ব্যাংকটিকে আবারও বিতর্কিত প্রভাববলয়ের মধ্যে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তারা দাবি করেন, খুরশিদ আলমের পরিবার ঋণ খেলাপি। গ্রাহকদের স্বার্থ ও ব্যাংকের স্বচ্ছ পরিচালনার স্বার্থে বর্তমান চেয়ারম্যানকে অপসারণ এবং সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে।

আন্দোলনকারীরা সাত দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ, ওমর ফারুক খানের পুনর্বহাল, ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িতদের বোর্ডে না রাখা, ব্যাংক রেজুলেশন অ্যাক্টের ১৮ (ক) ধারা বাতিল, এস আলম গ্রুপের দখলকৃত মালিকানা ও দেশে থাকা সম্পদ বিক্রি করে লুট করা অর্থ সমন্বয়, এস আলমকে কোনো ব্যাংকে ফেরার সুযোগ না দেওয়া এবং ব্যাংক খাতের লুটপাটের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

18


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষে গ্রাহকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মতিঝিলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

ইসলামী ব্যাংককে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হলো। মঙ্গলবারও একই দাবিতে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন গ্রাহকরা। তারা নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান।

এর আগে সোমবার একই দাবিতে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ওই কর্মসূচিতে পুলিশ জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন বলে দাবি করা হয়। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে।

সোমবার আন্দোলনের মুখে ইসলামী ব্যাংকের পূর্বনির্ধারিত পরিচালনা পর্ষদের সভা সশরীরে অনুষ্ঠিত না হয়ে রাতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পর্ষদের পাঁচ সদস্য অংশ নেন।

20

পরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ওই সভায় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত এমডি হিসেবে আলতাফ হোসাইন দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। বুধবারের বিক্ষোভ মিছিল সেই কর্মসূচিরই সর্বশেষ অংশ।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর