মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

জুয়েলারি খাতে ‘শতভাগ কর’ আদায়ে ছক এনবিআরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৬:০৪ এএম

শেয়ার করুন:

জুয়েলারি খাতে ‘শতভাগ কর’ আদায়ে ছক এনবিআরের
জুয়েলারি খাতে ‘শতভাগ কর’ আদায়ে ছক এনবিআরের

দেশের জুয়েলারি খাত থেকে শতভাগ কর আদায়ের লক্ষ্যে আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেটে টার্নওভার কর কমানোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অধিকাংশ স্বর্ণ ব্যবসায়ী আয়কর ফাইলে সঠিক হিসাব না দেওয়া এবং আসল পেশা আড়াল করার প্রেক্ষিতে, বিদ্যমান ১ শতাংশ টার্নওভার কর কমিয়ে ০.৫০ শতাংশ করার চিন্তাভাবনা চলছে। এনবিআরের ধারণা, করের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনলে সব ব্যবসায়ী করজালের আওতায় আসবেন এবং রাজস্ব ফাঁকি বন্ধ হবে।

এনবিআরের বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, দেশে অন্তত ৫০ হাজারের বেশি স্বর্ণ ব্যবসায়ী থাকলেও তারা বিভিন্ন অজুহাতে কর দেন না। ব্যবসায়ী ও এনবিআর কর্মকর্তাদের মতে, বৈধ পথে স্বর্ণ আমদানি না হওয়া এবং ব্যাগেজ রুলস ও চোরাই পথের ওপর নির্ভরশীলতার কারণে এই খাতে সঠিকভাবে আয়কর আদায় করা সম্ভব হয় না। সম্প্রতি স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস (বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন) এনবিআরের সঙ্গে বৈঠক করে টার্নওভার কর কমানোর দাবি জানায়। বাজুসের দাবি, করের হার ০.৫ শতাংশে নামিয়ে আনা হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে প্রকৃত বিক্রয় তথ্য প্রদর্শন করবেন, যা সরকারের ঘোষিত প্রায় ৪০০ কোটি টাকার ভ্যাট আদায়ে সহায়ক হবে।


বিজ্ঞাপন


বাজুসের পক্ষ থেকে দেওয়া হিসাব অনুযায়ী, কোনো ব্যবসায়ীর বার্ষিক মোট বিক্রয় ২ লাখ ৫০ হাজার টাকা হলে এবং সব খরচ বাদ দিয়ে নিট মুনাফা ৫ হাজার টাকা থাকলে, ২৫ শতাংশ হারে আয়কর দিলে করের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২৫০ টাকা। আবার ০.৫ শতাংশ হারে টার্নওভার কর নির্ধারণ করলেও করের পরিমাণ একই থাকে, ফলে সরকারের রাজস্ব ক্ষতির কোনো আশঙ্কা নেই। এছাড়া জুয়েলার্স খাতে উৎসে আয়কর কর্তনের বিধান সম্পূর্ণরূপে প্রত্যাহার অথবা সর্বোচ্চ ০.৫ শতাংশ নির্ধারণ করে তা প্রদেয় টার্নওভার ট্যাক্সের সঙ্গে সমন্বয় করার দাবি জানিয়েছে সংগঠনটি। এনবিআর কর্মকর্তারাও মনে করছেন, ব্যবসায়ীদের এই সুবিধা দিলে দ্বৈত করের বোঝা কমবে এবং জুয়েলারি খাতের মতো একটি লাভজনক খাত থেকে প্রকৃত রাজস্ব আদায় নিশ্চিত করা সম্ভব হবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর