বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চাকরি দেওয়ার নামে প্রতারণা: অর্থ লেনদেন না করতে এনবিআরের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

চাকরি দেওয়ার নামে প্রতারণা: অর্থ লেনদেন না করতে এনবিআরের সতর্কবার্তা

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চাকরিপ্রার্থী ও অভিভাবকদের এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এসব প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানায়। 

এনবিআর জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে কিছু প্রতারক চক্র আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে বলে এনবিআরের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব চক্রের মূল উদ্দেশ্য হলো চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়া। যারা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় চাকরি পাবেন, তাদের কাছ থেকেও চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। আবার যারা চাকরি পাবেন না, তাদের মধ্যে কারো কারো অর্থ ফেরত দিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরির চেষ্টা করা হতে পারে।

এনবিআর আরও জানায়, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি আইনানুগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে।

প্রতারক চক্রের কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর কমিশনারের কার্যালয় অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তাকে অবহিত করার অনুরোধ জানিয়েছে এনবিআর।

যোগাযোগ: টেলিফোন: ০২-২২২২১৭৭৭৭ ই-মেইল: [email protected]

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর