সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

‘খুরশিদকে ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়া হলে গভর্নরকে বিদায় নিতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

‘খুরশিদকে ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়া হলে গভর্নরকে বিদায় নিতে হবে’
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সংগঠনটির নেতারা বলেছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দায়িত্ব থেকে বিদায় নিতে হবে।

সোমবার (২৫ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ হুঁশিয়ারি দেন।


বিজ্ঞাপন


ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরামের সহসভাপতি মাওলানা ফরিদুল ইসলাম, ব্যাংকের শেয়ারহোল্ডার, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, শাহীন আহমেদ খান, মোতাছিম বিল্লাহ, শামীম হাসনাইন, আব্দুর রহমান, অ্যাডভোকেট আব্দুল বারী প্রমুখ।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর, পলাতক খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে গ্রাহকেরা মেনে নেবে না উল্লেখ করে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় নিতে হবে। খুরশিদ আলমকে ব্যাংকে ঢুকতে হলে তিন কোটি গ্রাহকের রক্তের ওপর দিয়ে ঢুকতে হবে। গ্রাহকেরা নিজেদের আমানত রক্ষায় ব্যাংক পাহারা দিতে বাধ্য হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার পূর্ণ দায়ভার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেই নিতে হবে।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক নিয়ে পতিত আওয়ামী লীগ যে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, একই ষড়যন্ত্রে নব্য ফ্যাসিবাদীরাও লিপ্ত রয়েছে। ইসলামী ব্যাংক ধ্বংস করে ব্যাংকের আমানত লুটপাট ও পাচারের উদ্দেশ্যে পতিত আওয়ামী লীগের দোসর, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর, পলাতক খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন খুরশীদ আলম


বিজ্ঞাপন


এস আলমের উত্তরসূরি ‘কে আলম’ (খুরশিদ আলম)কে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মেনে নেওয়া হবে না, ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এস আলমের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছেন বলেও তারা অভিযোগ করেন। তারা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে স্বপদে বহাল রেখে ব্যাংকের অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

বক্তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশ্যে বলেন, আপনি যদি গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিত করার পরিবর্তে ব্যাংক লুটেরা ও দুর্নীতিবাজদের হাতে ব্যাংক তুলে দিতে চান, তবে গ্রাহকেরা নিজেদের আমানত রক্ষায় যা করার তার সবকিছুই করবে। ইসলামী ব্যাংকের শক্তি তিন কোটি গ্রাহক, ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকানা মালিকদের হাতেই থাকতে হবে। কোনো লুটেরাদের হাতে ইসলামী ব্যাংক তুলে দেওয়া হবে না।

অনুষ্ঠিত মানববন্ধনে ইসলামী ব্যাংকের শত শত শেয়ারহোল্ডার, গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন।

টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর