শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

পেঁপের দামেও অস্বস্তি, ১৫ টাকার সবজি এখন ১০০!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২৬, ১১:১৪ এএম

শেয়ার করুন:

পেঁপের দামেও অস্বস্তি, ১৫ টাকার সবজি এখন ১০০!

একসময় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সাশ্রয়ী সবজি হিসেবে পরিচিত ছিল পেঁপে। মৌসুমে ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হওয়া এই সবজিই এখন রাজধানীর বাজারে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ফলে সাধারণ ক্রেতাদের কাছে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন দামেই পেঁপে কিনতে হচ্ছে।

শুক্রবার (২২ মে) রাজধানীর রামপুরা, মালিবাগ, মেরাদিয়া ও বনশ্রীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


বাজারে গিয়ে দেখা যায়, অন্যান্য সবজির পাশাপাশি পেঁপের দামও বেড়েছে অস্বাভাবিকভাবে। সাধারণত রান্নার কাজে ব্যবহার হলেও স্বাদের কারণে পেঁপের চাহিদা তুলনামূলক কম। সেই পেঁপেই এখন অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে।

রামপুরা বাজারে পেঁপে কিনতে আসা বেসরকারি চাকরিজীবী মিরাজ উদ্দিন বলেন, পেঁপে তো গরিব মানুষের তরকারি হিসেবে পরিচিত ছিল। এখন এই পেঁপেও যদি ১০০ টাকা হয়, তাহলে মানুষ খাবে কী? বাজারে এসে এখন প্রতিদিনই নতুন দামের ধাক্কা খেতে হচ্ছে।

মালিবাগ বাজারের ক্রেতা বেবি আক্তার বলেন, বাচ্চাদের জন্য মাঝে মাঝে পেঁপে রান্না করি। কিন্তু এখন এক কেজি কিনতেই ১০০ টাকা লাগছে। সবজির বাজার পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

সবজি বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। মেরাদিয়া বাজারের বিক্রেতা রিয়াদ হোসেন বলেন, এখন পেঁপের মৌসুম কম। পাইকারিতেই বেশি দামে কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারেও দাম বেশি।

বনশ্রী এলাকার আরেক বিক্রেতা জুবায়ের বলেন, আগে যেটা ১৫-২০ টাকায় বিক্রি হতো, এখন সেটাই ১০০ টাকা। পরিবহন খরচ ও সরবরাহ সংকটের কারণেও দাম বাড়ছে।

ক্রেতাদের অভিযোগ, বাজারে নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, সে তুলনায় মানুষের আয় বাড়ছে না। ফলে সাধারণ মানুষের জন্য প্রতিদিনের বাজার করাই কঠিন হয়ে উঠছে। তাদের মতে, বাজার তদারকির অভাব ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর