রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

৪ বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১০ কোটি মানুষ: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৬:৩৬ এএম

শেয়ার করুন:

৪ বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১০ কোটি মানুষ: সমাজকল্যাণমন্ত্রী

আগামী চার বছরের মধ্যে দেশের প্রায় ১০ কোটি মানুষকে ‘ফ্যামিলি কার্ড’ বা পারিবারিক সুরক্ষা বলয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। এছাড়া আগামী অর্থবছরের (২০২৭ সালের জুন) মধ্যে ৪০ লাখ ২০ হাজার পরিবারকে এই কার্ডের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

গতকাল সোমবার (১৮ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: পলিটিক্যাল প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।


বিজ্ঞাপন


সংলাপে মন্ত্রী জানান, আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরাও ‘ফ্যামিলি কার্ড’ পাবেন। তবে, তাদের ভাতার টাকা দরিদ্রদের কল্যাণে ব্যয় করা হবে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা; যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী, শিশু, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় এনে তাদের জীবনমান উন্নয়ন করা সম্ভব হয়।

আরও পড়ুন: কোন এলাকায় কীভাবে কাজ, নারী এমপিদের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আবু জাফর মো. জাহিদ হোসেন আরও বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। ফ্যামিলি কার্ডে এনআইডিভিত্তিক তথ্য, কিউআর কোড, বারকোড ও এনএফসি (NFC) প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে একজন নাগরিকের সব ধরনের সামাজিক সেবা একটি মাত্র কার্ডের আওতায় আনা সম্ভব হবে।

দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার চিহ্নিতকরণের বিষয়ে তিনি বলেন, বর্তমানে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মচারী, শিক্ষক, স্বাস্থ্য সহকারী, কৃষি কর্মকর্তা ও সমাজসেবা কর্মীদের মাধ্যমে এই তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে। এখন পর্যন্ত তথ্য সংগ্রহে ভুলের হার মাত্র ২ থেকে ৩ শতাংশ।


বিজ্ঞাপন


সংলাপটি সঞ্চালনা করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান, সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নীলোর্মি এবং বিআইডিএস (BIDS) মহাপরিচালক ড. এ কে এনামুল হক প্রমুখ।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর