সরকারের ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে সোনালী ব্যাংককে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে এক্সেনটেক। পরীক্ষামূলক এ কার্যক্রমে নিরাপদ ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে কৃষকদের জন্য সহজ ও দ্রুত আর্থিক সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
সম্প্রতি টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে সেখানে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হয়েছে। বিক্রয়সেবা যন্ত্রের মাধ্যমে কৃষকরা সহজেই বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করতে পারছেন। দুটি সিম সুবিধাসম্পন্ন এসব যন্ত্র ব্যবহারের ফলে গ্রাম ও শহরতলির এলাকাগুলোতেও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে প্রায় ২২ হাজার কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশে কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের।
রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক এই সেবার একটি অংশ বাস্তবায়নে সোনালী ব্যাংককে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। প্রতিষ্ঠানটি নিরাপদ সংযোগসেবার মাধ্যমে পুরো কার্যক্রম পরিচালনার প্রযুক্তিগত কাঠামো বাস্তবায়ন করেছে। এর ফলে পুরো নেটওয়ার্কজুড়ে সাংকেতিক, নির্ভরযোগ্য ও উচ্চ সক্ষমতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যা নিরাপদ লেনদেন ও দ্রুত সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে এক্সেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আদিল হোসেন নোবেল বলেন, সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগে সোনালী ব্যাংকের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এই কর্মসূচির মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, যা কৃষকদের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে এবং দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে সহায়তা করবে।
বিজ্ঞাপন
এমআর/এফএ




