বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

রফতানিমুখী প্রাণিসম্পদ খাত গড়তে বিনিয়োগ বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

রফতানিমুখী প্রাণিসম্পদ খাত গড়তে বিনিয়োগ বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর

দেশের প্রাণিসম্পদ খাতকে রফতানিমুখী শিল্পে পরিণত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে প্রাণিসম্পদ খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আধুনিক প্রযুক্তি, উন্নত সেবা এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

বুধবার (১৩ মে) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের বার্ক অডিটোরিয়ামে আয়োজিত লাইভস্টক সার্ভিস ট্রান্সফরমেশন (এলএসটি) প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ক ভ্যালিডেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব বলেন।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, মানুষের পুষ্টি নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এ খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবসম্মত প্রকল্প বাস্তবায়নের বিকল্প নেই।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রাণিসম্পদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে রোগ নির্ণয় ব্যবস্থা উন্নত করা, আধুনিক ক্লিনিক স্থাপন এবং পর্যাপ্ত দক্ষ জনবল গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি খামারিদের জন্য সহজ সেবা নিশ্চিত করতে হবে, যাতে তারা উৎপাদন বৃদ্ধি ও মানসম্পন্ন পণ্য বাজারজাত করতে পারেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রাণিসম্পদসহ কৃষি খাতের উন্নয়নেও গুরুত্ব দেন। বর্তমানে তারেক রহমান প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করছেন। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এলে প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, প্রাণিসম্পদ খাতকে রফতানিমুখী শিল্পে পরিণত করতে হলে প্রকল্পের পরিধি বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধির দিকেও গুরুত্ব দিতে হবে। দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বলেও তিনি মন্তব্য করেন।


বিজ্ঞাপন


প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে কর্মশালায় এলএসটি প্রকল্পের টিম লিডার ড. মো. মুশফিকুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক ড. রেজাউল হক খান। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর