নানা অনিয়ম, লুটপাট ও অব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়া পাঁচটি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। অবসায়নের তালিকায় রয়েছে—এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, আগামী অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে অবসায়ন প্রক্রিয়া শুরু হবে। ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৪ থেকে প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে। এর মধ্যে এফএএস ফাইন্যান্সের খেলাপি ঋণের হার ৯৯ দশমিক ৯৯ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৯৯ দশমিক ৪৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ২০২৩ সালের ‘ফাইন্যান্স কোম্পানি আইন’ অনুযায়ী লাইসেন্স বাতিল ও অবসায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশে ৩৫টি এনবিএফআইর মধ্যে ২০টিকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রতিষ্ঠানের মোট ঋণের ৮৩ শতাংশই খেলাপি।
সংকটে থাকা ৯টি আর্থিক প্রতিষ্ঠানে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানত রয়েছে ১৫ হাজার ৩৭০ কোটি টাকা। এর মধ্যে ৩ হাজার ৫২৫ কোটি টাকা ক্ষুদ্র আমানতকারীদের। সবচেয়ে বেশি ব্যক্তি আমানত আটকে রয়েছে পিপলস লিজিংয়ে।
বিজ্ঞাপন
টিএই/ক.ম




