গত দেড় বছরের বেশি সময় ধরে দেশের প্রবাসী আয় খুবই সন্তোষজনক। সেই ধারাবাহিকতায় চলতি মে’তেও প্রবাসী আয়ে ‘সুবাতাস’ বইছে। এ মাসের প্রথম ১০ দিনেই রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি মার্কিন ডলার। প্রতিদিন গড়ে এসেছে ১২ কোটি ৮০ লাখ ডলার।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯০ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে প্রবাসী আয় আসার হার বেড়েছে ৪১ দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মে পর্যন্ত সময়ে দেশে মোট ৩ হাজার ৬১ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৩০ শতাংশ বেশি।
সামনে পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে দেশের রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
এর আগে গত এপ্রিলে দেশে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। উল্লেখ্য, মার্চের এই আয় ছিল দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উৎসাহ এবং ডলারের বাজারভিত্তিক দর নির্ধারণের ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত হচ্ছেন।
পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে। গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ এবং ৩১৭ কোটি ৯ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। এ ধারা বছরের শেষ দিকেও সবল ছিল।
এএইচ




