এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল সময়ের আমদানি বিল বাবদ ১ দশমিক ৫১ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমে আসবে। তবে সমন্বয় শেষে রিজার্ভের হালনাগাদ অবস্থান জানা যাবে।
গত বুধবার গ্রস হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: ৬ দিনে প্রবাসী আয় ৭৫ কোটি ২০ লাখ ডলার
এর আগে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের আকুর বিল বাবদ ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ। এছাড়া ২০২৫ সালের নভেম্বর-ডিসেম্বর সময়ে ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার, সেপ্টেম্বর-অক্টোবর সময়ে ১ দশমিক ৬১ বিলিয়ন ডলার এবং জুলাই-আগস্ট সময়ে ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়। এরও আগে মে-জুন সময়ে রেকর্ড ২ দশমিক ০২ বিলিয়ন ডলার পরিশোধ করতে হয়েছিল।
বিজ্ঞাপন
১৯৭৪ সালের ৯ ডিসেম্বর জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের উদ্যোগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ আকুর সদস্য। সদস্য দেশগুলোর পারস্পরিক আমদানি-রফতানি দায় প্রতি দুই মাস পর পর সমন্বয় করা হয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে আকুর বিল পরিশোধ করে আসছে।
টিএই/এআরএম




