বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

রবির ৩০তম সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫২ এএম

শেয়ার করুন:

ROBI SIM
রবি আজিয়াটা পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ছবি: সংগৃহীত

উচ্চ মূল্যস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যেও ২০২৫ সালে রেকর্ড ৯৩৭.১ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জনের তথ্য তুলে ধরে অনুষ্ঠিত হলো রবি আজিয়াটা পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ অর্থবছরের জন্য ১৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই। সভায় স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও নাসরীন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারাসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


সভায় জানানো হয়, ২০২৫ সালে অর্জিত ৯৩৭ দশমিক ১ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা কোম্পানির ইতিহাসে সর্বোচ্চ। এই সাফল্যের পেছনে দ্বৈত–ব্র্যান্ড কৌশল, শৃঙ্খলাপূর্ণ মূলধন ব্যবস্থাপনা এবং ডেটা রাজস্ব বৃদ্ধির ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই।

তিনি বলেন, পরিচালনগত স্থিতিশীলতা, ফোরজি ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি এবং প্রায় শূন্য ঋণ অবস্থান কোম্পানির আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৭৯ টাকায় উন্নীত হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা জানান, বর্তমানে রবির সক্রিয় গ্রাহকদের প্রায় ৭০ শতাংশ ফোরজি সেবা ব্যবহার করছেন, যা দেশের টেলিকম খাতে সর্বোচ্চ। পাশাপাশি প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ফাইভজি সেবা চালু করেছে এবং ৩ হাজার ৫০০ কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে। দেশের প্রথম চার-স্তরবিশিষ্ট ক্লাউড প্ল্যাটফর্মও চালু করেছে রবি।


বিজ্ঞাপন


টেকসই উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও সভায় তুলে ধরা হয়। পরিবেশবান্ধব এ উদ্যোগের মাধ্যমে কোম্পানি তাদের কার্বন পদচিহ্ন কমাতে বদ্ধপরিকর বলে জানান কর্তৃপক্ষ।

এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর