বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সমসাময়িক চ্যালেঞ্জ, সম্ভাবনা ও অর্থনীতিতে এর প্রভাব নিয়ে প্রথমবারের মতো একটি পডকাস্ট সিরিজ চালু করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
সংগঠনটির বর্তমান পরিচালনা পর্ষদের উদ্যোগে চালু হওয়া এ সিরিজের লক্ষ্য পোশাক শিল্প সম্পর্কে তথ্যনির্ভর আলোচনা তুলে ধরা, খাতটির ভাবমূর্তি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের পথরেখা তৈরি করা।
বিজ্ঞাপন
বিজিএমইএ জানায়, পডকাস্ট সিরিজে পোশাক শিল্পের ভেতর ও বাইরের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন। ব্যাংকার, ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ তুলে ধরছেন।
এতে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী সম্ভাব্য প্রভাব, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, শিল্পের প্রবৃদ্ধি ও সক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। তথ্যনির্ভর আলোচনার মাধ্যমে নীতিনির্ধারণে সহায়ক দিকনির্দেশনা দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এ ছাড়া তৈরি পোশাক শিল্প নিয়ে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণা দূর করা এবং খাতটির প্রকৃত সম্ভাবনা ও বাস্তবতা তুলে ধরার বিষয়টিও পডকাস্ট সিরিজে গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।
উদ্যোগটির অন্যতম রূপকার বিজিএমইএ’র পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন, পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ বিশ্লেষণ এবং তা মোকাবিলায় কার্যকর কৌশল নির্ধারণে এই পডকাস্ট সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে দেশের পোশাক শিল্পের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রেও এটি সহায়ক হবে।
বিজ্ঞাপন
ইতোমধ্যে সিরিজটির দুটি পর্ব প্রচারিত হয়েছে। বিজিএমইএ’র অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে পর্বগুলো সম্প্রচার করা হচ্ছে এবং সামনে আরো বেশ কয়েকটি পর্ব প্রকাশের অপেক্ষায় রয়েছে।
এমআর/এফএ




