গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি তাসকীন আহমেদ ও সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা চেম্বারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৫৮ বছর বয়সে শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আরও পড়ুন: বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
ঢাকা চেম্বার জানায়, তার দীর্ঘ কর্মজীবনে বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়-এর সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতার সঙ্গে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে বেসরকারি খাতের উন্নয়ন ও শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতেও তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।
সংগঠনটি আরও উল্লেখ করে, বেসরকারি খাতের নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তার অবদান ঢাকা চেম্বার পরিবার শ্রদ্ধার সঙ্গে দীর্ঘদিন স্মরণ করবে।
ঢাকা চেম্বার নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি প্রার্থনা করেন।
বিজ্ঞাপন
এমআর/এমআই




