মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাণিজ্য সম্প্রসারণে চীন সফরে যাচ্ছেন ঢাকা চেম্বারের ২২ সদস্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

dcci
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ফাইল ছবি

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ২২ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল আগামী ১৫ এপ্রিল চীনের গুয়াংজু শহরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা চেম্বারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এতে বলা হয়, সফরের মূল লক্ষ্য বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের সুযোগ সৃষ্টি করা।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ডিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি রাজীব এইচ চৌধুরী। প্রতিনিধিদলে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, সিরামিক, তথ্যপ্রযুক্তি, অটোমোবাইল খাত, শিল্পকারখানার তেল ও গ্রিজ, নৌপরিবহন ও পণ্য পরিবহন সেবা, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সামগ্রী, ওষুধশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, প্রতিরক্ষা সরঞ্জাম এবং তৈরি পোশাক খাতের রফতানিকারক ও আমদানিকারকরা অন্তর্ভুক্ত রয়েছেন।

সফরকালে প্রতিনিধি দলটি চীনের শীর্ষস্থানীয় বাণিজ্য উন্নয়ন সংস্থা ও চেম্বারগুলোর সঙ্গে একাধিক বিজনেস ফোরাম এবং বি-টু-বি নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণ করবে। এসব সংস্থার মধ্যে রয়েছে সিসিপিআইটি গুয়াংজু, সিসিপিআইটি গুয়াংজু নানশা, গুয়াংজু নানশা সার্ভিসেস ট্রেড অ্যাসোসিয়েশন, গুয়াংডং চেম্বার অব কমার্স অব ইমপোর্টারস অ্যান্ড এক্সপোর্টারস, চায়না চেম্বার অব কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস (সিসিসিএমই) এবং গুয়াংজু ওভারসিজ এন্টারপ্রাইজেস চেম্বার অব কমার্স।

এই সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি চীনের অন্যতম প্রধান আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণ করবে, যেখানে তারা কাঠামোবদ্ধ ক্রেতা-বিক্রেতা ম্যাচমেকিং সেশন এবং সরেজমিনে ব্যবসায়িক সম্ভাবনা যাচাই কার্যক্রমে যুক্ত থাকবে। এছাড়া প্রতিনিধি দলটি গুয়াংজু সোর্সিং ফেয়ারেও অংশ নেবে।


বিজ্ঞাপন


ডিসিসিআই মনে করছে, এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, বেসরকারি খাতের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশি উদ্যোক্তাদের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হওয়ার নতুন সুযোগ সৃষ্টি হবে। 

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর