বিদ্যুৎ কেন্দ্র ও শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ের দাম লিটারপ্রতি প্রায় ২৪ টাকা বাড়িয়ে ৯৪.৬৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই মূল্য আজ (১২ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
রোববার কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৪) ও ৩৪(৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি গ্রহণ করে বিস্তারিত পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ৭০.১০ টাকা নির্ধারিত ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন সিদ্ধান্তে প্রতি লিটারে প্রায় ২৪ টাকা ৫৯ পয়সা বৃদ্ধি পেয়েছে।
বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশনের তথ্য অনুযায়ী, মূল্য সমন্বয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, ক্রুড অয়েল আমদানির এফওবি মূল্য এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার বিবেচনায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে কমিশন আরো জানায়, নতুন নির্ধারিত মূল্যহার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং পূর্ণাঙ্গ আদেশ শিগগিরই আপলোড করা হবে।
বিজ্ঞাপন
এর আগে ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কমিশনের আদেশ নম্বর ২০২৫/০৬ এর মাধ্যমে বিপিসি সরবরাহকৃত ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ের মূল্যহার, বিপিসির মজুত ও সরবরাহ চার্জ, তেল বিপণন কোম্পানিগুলোর বিপণন চার্জ এবং সমন্বিত পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। একই আদেশে প্রতি তিন মাস অন্তর বা প্রয়োজন অনুযায়ী মূল্য সমন্বয়ের বিষয়টিও উল্লেখ ছিল।
পরবর্তীতে কমিশনের আদেশ নম্বর ২০২৬/০৫ এর অনুচ্ছেদ ৯.২ অনুযায়ী ফার্নেস অয়েলের মূল্যহার পুনঃসমন্বয়ের লক্ষ্যে ১৫ মার্চ ২০২৬ তারিখে একটি কমিটি গঠন করা হয়। কমিটি জানায়, মার্চ মাসে ক্রুড অয়েল আমদানি না হওয়ায় ওই মাসের পরিশোধিত ফার্নেস অয়েলের প্রকাশিত প্ল্যাটস রেটের গড় মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় এপ্রিল মাসে মূল্য সমন্বয়ের সুপারিশ করা হয়।
এ প্রেক্ষিতে ৫ এপ্রিল ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ১ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্রকাশিত প্ল্যাটস রেটের গড় এবং ফেব্রুয়ারি মাসে আমদানিকৃত ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
এমআর/এফএ




