মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

হেলিকপ্টার আমদানিতে কর কমিয়ে ১০% পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম

শেয়ার করুন:

হেলিকপ্টার আমদানিতে কর কমিয়ে ১০% পুনর্বহালের দাবি

দেশে হেলিকপ্টার আমদানিতে আরোপিত উচ্চ করহার কমিয়ে আগের মতো ১০ শতাংশে পুনর্বহালের দাবি জানিয়েছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)। সংগঠনটির মতে, বর্তমান ৩৭.২৫ শতাংশ করের কারণে হেলিকপ্টার আমদানি কার্যত স্থবির হয়ে পড়েছে, যা দেশের এভিয়েশন খাতের বিকাশে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনুষ্ঠিত ২০২৬–২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি তুলে ধরে এওএবি। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।


বিজ্ঞাপন


সভায় এওএবির মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, আগে হেলিকপ্টার আমদানিতে মোট করহার ছিল মাত্র ১০ শতাংশ। কিন্তু গত অর্থবছরে তা বাড়িয়ে ৩৭.২৫ শতাংশ করা হয়েছে। এতে করে ৮ থেকে ১০ মিলিয়ন ডলার মূল্যের একটি হেলিকপ্টার আমদানি করা অনেক ব্যয়বহুল হয়ে গেছে। ফলে উদ্যোক্তারা নতুন হেলিকপ্টার আনতে আগ্রহ হারাচ্ছেন।

মফিজুর রহমান জানান, দেশে বছরে সাধারণত এক থেকে দুটি হেলিকপ্টারের বেশি আমদানি হয় না। করহার কমানো হলে হেলিকপ্টারের সংখ্যা বাড়বে। ফলে পরোক্ষভাবে সরকারের রাজস্ব আয়ও বাড়তে পারে। 

বর্তমানে হেলিকপ্টার আমদানিতে মোট ৩৭.২৫ শতাংশ করের মধ্যে রয়েছে ৫ শতাংশ কাস্টমস ডিউটি (সিডি), ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি), ৫ শতাংশ অগ্রিম কর (এটি) এবং অন্যান্য চার্জ।

ব্যবসায়ীদের প্রস্তাবের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, কাস্টমস ডিউটি পাঁচ শতাংশের নিচে নামানো বাস্তবে তা শূন্যের কাছাকাছি নিয়ে যাওয়ার সমান। তবে ভ্যাট ও এআইটির ক্ষেত্রে সংশ্লিষ্টরা রিফান্ড বা ক্রেডিট সুবিধা পান। অগ্রিম আয়করের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা যেতে পারে বলে তিনি আশ্বাস দেন। তিনি জানান, প্রস্তাবিত বিষয়গুলো সার্বিকভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
 
এমআর/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর