মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

ক্ষুদ্রঋণকে ব্যাংকিং কাঠামোয় নিলে ঝুঁকি বাড়বে: কোস্ট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

ক্ষুদ্রঋণকে ব্যাংকিং কাঠামোয় নিলে ঝুঁকি বাড়বে: কোস্ট ফাউন্ডেশন
জাতীয় প্রেসক্লাবে কোস্ট ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে। ছবি: সংগৃহীত

ক্ষুদ্রঋণ খাতকে ব্যাংকিং ব্যবস্থায় আনার প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে কোস্ট ফাউন্ডেশন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করীম চৌধুরী। 

রেজাউল করীম বলেন, ‘প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা মূলত মুনাফাকেন্দ্রিক এবং কঠোর নিয়ন্ত্রক কাঠামোর ওপর পরিচালিত হয়। এর বিপরীতে ক্ষুদ্রঋণ পরিচালিত হয় আস্থা, পারস্পরিক দায়বদ্ধতা এবং সামাজিক সম্পর্কের ভিত্তিতে। ফলে এই দুই ব্যবস্থার মধ্যে মৌলিক কাঠামোগত পার্থক্য রয়েছে।’


বিজ্ঞাপন


কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেন, ‘ক্ষুদ্রঋণকে ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হলে এর মূল লক্ষ্য থেকে বিচ্যুতি ঘটতে পারে। এতে প্রান্তিক জনগোষ্ঠী সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং সদস্যরা ‘গ্রাহক’-এ পরিণত হতে পারেন। একইসঙ্গে ব্যাংকিং খাতের আমলাতান্ত্রিক জটিলতা সেবা প্রাপ্তিকে কঠিন করে তুলতে পারে।’

‘ক্ষুদ্রঋণকে প্রচলিত ব্যাংকিং কাঠামোর আওতায় আনার প্রস্তাব প্রান্তিক জনগোষ্ঠী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ক্ষুদ্রঋণ কেবল আর্থিক সেবা নয়; এটি একটি সমন্বিত সামাজিক উন্নয়ন কাঠামো, যা দেশের গ্রামীণ অর্থনীতি ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’
 
কোস্ট ফাউন্ডেশনের অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম একটি সুসংগঠিত জাতীয় উন্নয়ন শক্তিতে পরিণত হয়েছে। এর সঙ্গে কোটি কোটি মানুষ, লক্ষাধিক পরিবার এবং হাজারো মাঠকর্মী জড়িত। ক্ষুদ্রঋণের মাধ্যমে শুধু ঋণ ও সঞ্চয় নয়, বরং প্রশিক্ষণ, জীবিকা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সামাজিক সংহতি এবং স্থানীয় নেতৃত্ব বিকাশের মতো বহুমাত্রিক কার্যক্রম পরিচালিত হয়। 

তথ্য অনুযায়ী, দেশে ক্ষুদ্রঋণ নেটওয়ার্কে প্রায় দুই কোটি সদস্য এবং ১ দশমিক ৫৮ কোটি ঋণগ্রহীতা যুক্ত রয়েছে। বিপুল পরিমাণ সঞ্চয় ও ঋণ বিতরণের পাশাপাশি এই খাত সামাজিক উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখছে। বিশেষ করে দুর্যোগের সময় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর নমনীয়তা ও মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এম/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর