দেশে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে সরকারের সর্বোচ্চ পর্যায়ে বেসরকারি খাতের মতামত গ্রহণের লক্ষ্যে এ পরিষদ গঠন করা হয়েছে। এ উপদেষ্টা পরিষদ প্রতি তিন মাস অন্তর বৈঠকে বসবে এবং ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে ধারাবাহিকভাবে সরকারকে সুপারিশ দেবে।
শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে পরিষদের প্রথম বৈঠক হয়। বৈঠকে নিয়ন্ত্রক পরিবেশ উন্নয়ন, জ্বালানি, মানবসম্পদ, করনীতি, পরিবহন ও সরবরাহব্যবস্থা, রফতানি বহুমুখীকরণ এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর মনোনীত পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুকতাদির, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জাব্বার, র্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।
বিজ্ঞাপন
বৈঠকে আরও ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
বৈঠকে জানানো হয়, বেসরকারি খাতের মতামতের ভিত্তিতে একটি সংক্ষিপ্ত প্রস্তাব ও লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে, যাতে ব্যবসা পরিবেশের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হয়। এ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।
সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, এই পরিষদ সরকারের সঙ্গে ব্যবসায়ীদের কার্যকর যোগাযোগ বাড়াতে সহায়ক হবে। এর মাধ্যমে উৎপাদন খাতের বাস্তব সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সরাসরি নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা সম্ভব হবে।
এমআর/ক.ম

