মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

২ লাখ ৬০ হাজার টন ক্রুড অয়েল ও ডিজেল কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

১ লাখ টন ক্রুড অয়েলসহ বড় আকারে জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত সরকারের

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত ঘিরে বৈশ্বিক অস্থিরতার মধ্যে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে আরও ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন পায়। এর আগে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাবগুলোর নীতিগত অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটসের কাছ থেকে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল সংগ্রহ করা হবে। চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য জ্বালানি সরবরাহ বিঘ্ন মোকাবিলা এবং অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

একই বৈঠকে ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি জাপিন) থেকে ৬০ হাজার মেট্রিক টন ০.৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল (ডিজেল) আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি এক্সন মোবিল কাজাখস্তান ইনকরপোরেটেড (ইএমকেআই) থেকে আরও ১ লাখ মেট্রিক টন EN-590 মানের ১০ পিপিএম সালফারযুক্ত ডিজেল কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

oil
ক্রুড অয়েল। প্রতীকী ছবি

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে আগাম প্রস্তুতি হিসেবে মজুত সক্ষমতা বাড়ানো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে সরবরাহ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতি বেছে নেওয়া হয়েছে।

প্রত্যাহার করা হয়েছে কয়েকটি প্রস্তাব

বৈঠকে হংকংভিত্তিক ফালকো করপোরেশন লিমিটেড থেকে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানির একটি প্রস্তাব জ্বালানি বিভাগের অনুরোধে প্রত্যাহার করা হয়। এ ছাড়া আর্চার এনার্জি এলএলসি থেকে ৬০ হাজার মেট্রিক টন ডিজেল এবং ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফারযুক্ত ডিজেল কেনার আরও দুটি প্রস্তাব আলোচনার তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ মোকাবিলায় আগাম মজুত বাড়ানোর এই সিদ্ধান্ত দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়ক হবে।

এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর