রাজধানীর বিভিন্ন বাজারে মৌসুমি ফল তরমুজের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাজারদরে। কয়েক সপ্তাহ আগেও যে তরমুজ কিনতে ক্রেতাদের তুলনামূলক বেশি টাকা গুনতে হতো, বর্তমানে তা অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে। ফলে তীব্র গরমের মধ্যে জনপ্রিয় এই ফল কিনতে স্বস্তি ফিরে পেয়েছেন সাধারণ মানুষ।
আজ রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। কারওয়ান বাজার, মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকার খুচরা বাজার এবং সড়কের পাশের ভ্যানগাড়িতে প্রচুর পরিমাণে তরমুজ বিক্রি করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
বিক্রেতারা জানান, মৌসুম পুরোদমে শুরু হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়মিত তরমুজ ঢাকায় আসছে। এতে সরবরাহ বেড়েছে এবং স্বাভাবিকভাবেই দাম কমেছে।
বাজার ঘুরে দেখা গেছে, আগে মাঝারি আকারের একটি তরমুজের দাম ছিল ৩০০ থেকে ৪০০ টাকা। বর্তমানে সেই তরমুজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকার মধ্যে। একইভাবে বড় আকারের তরমুজ, যা আগে ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হতো, এখন তা ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আকার ও মানভেদে কোথাও কোথাও দামে সামান্য তারতম্যও দেখা গেছে।
গুলিস্তানের তরমুজ বিক্রেতা সিদ্দিকুর রহমান জানান, গত কয়েক দিনের তুলনায় বাজারে তরমুজের সরবরাহ আরও বেড়েছে। সামনে সরবরাহ অব্যাহত থাকলে দাম আরও কিছুটা কমতে পারে বলেও তারা আশা করছেন। পাশাপাশি তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তরমুজের চাহিদাও দ্রুত বাড়ছে। ইফতার ও গরমের সময় শরীর ঠান্ডা রাখতে অনেকেই প্রতিদিনের ফলের তালিকায় তরমুজ রাখছেন।
ক্রেতারা বলছেন, আগে বেশি দামের কারণে অনেকেই তরমুজ কিনতে পারতেন না। এখন দাম কমায় স্বল্প ও মধ্যম আয়ের মানুষের নাগালের মধ্যে এসেছে এই ফল। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতেও তরমুজের দাম সহনীয় থাকবে বলে আশা করছেন ক্রেতারা।
বিজ্ঞাপন
এমআর/এফএ

