শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

বাংলাদেশি আলুর জন্য উন্মুক্ত ভিয়েতনামের বাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৩:০৭ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশি আলুর জন্য উন্মুক্ত ভিয়েতনামের বাজার

ভিয়েতনাম সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের আলু রফতানির জন্য তাদের বাজার উন্মুক্ত করেছে। ইতোমধ্যে ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমোদন দিয়েছে। 

শুক্রবার দিবাগত রাতে (২৮ মার্চ) ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


ভিয়েতনামের বিধি অনুযায়ী, কোনো দেশ আলু রফতানি করতে চাইলে তাদের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ সেসব তথ্য যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে অনুমোদন দেয়। 

হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে নিবন্ধন প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় আজ থেকে বাংলাদেশ ভিয়েতনামে আলু রফতানির জন্য যোগ্যতা অর্জন করেছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ অর্জন বাংলাদেশের আলু রফতানিকারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে এবং একইসঙ্গে স্থানীয় কৃষকরাও উপকৃত হবেন।

রাষ্ট্রদূত বলেন, ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে এবং এই রফতানি উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসে সহায়ক হবে।


বিজ্ঞাপন


রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন, এ অর্জন বাংলাদেশের অন্যান্য উদ্ভিদজাত পণ্য, যেমন তিল, ভিয়েতনামে রফতানির পথ সুগম করবে। তিনি বলেন, দূতাবাস বাংলাদেশি কৃষিপণ্যের জন্য ভিয়েতনামের বাজারে আরও প্রবেশাধিকার সম্প্রসারণে কাজ অব্যাহত রাখবে।

এসএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর