পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র এক দিন। চলছে ঈদের শেষ সময়ের কেনাকাটা। রাজধানীর নিউমার্কেটের দোকান ও ফুটপাতগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। এতে উচ্ছ্বসিত দোকানিরা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুটপাতে সারি সারি সাজানো রয়েছে দোকান। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কেনাকাটা করতে ছুটে আসছেন নগরবাসী এবং কেনাকাটা করছেন। দিনের বেলা ভিড় কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ভিড়। ফুটপাত ও মার্কেট উভয় দোকানেই রয়েছে উপচে পড়া ভিড়। কোনো দোকানে ভিড় রয়েছে কয়েকগুণ।
বিজ্ঞাপন
ব্যবসায়ীরা জানান, ঈদের আগে শেষ কয়েকদিনে বিক্রি সবচেয়ে বেশি হয়। তাই ক্রেতাদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অনেক দোকানেই কর্মচারীদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে।
নিউমার্কেটে ২০ বছর ধরে পোশাকের ব্যবসা করছেন রাইসুল ইসলাম। জানতে চাইলে তিনি ঢাকা মেইলকে বলেন, এবারের ঈদে বিক্রি কয়েকগুণ বেড়েছে। সেইসঙ্গে আগের বছরের তুলনায় এ বছর বাজার স্থিতিশীল রয়েছে এবং দামও মোটামুটি একই আছে। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দাম বাড়েনি। সবকিছু আগের মতোই রয়েছে।
আরেক ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, দোকানে সারাদিন মোটামুটি থাকে, কিন্তু ইফতারের পর থেকেই ভিড় অনেক বেড়ে যায়। এ বছর বিক্রি আমার প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে। সবকিছু ঠিকঠাক মতো সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিয়েও কোনো উদ্বেগ নেই।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই ব্যস্ততার কারণে আগে কেনাকাটা করতে পারেননি। তাই শেষ মুহূর্তে এসে ভিড়ের মধ্যেই কেনাকাটা সারতে হচ্ছে।
বিজ্ঞাপন
রাজধানীর খিলক্ষেত থেকে নিউমার্কেটে কেনাকাটা করতে স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে এসেছেন মো. রিয়াদুল করিম। তিনি বলেন, ‘ভিড় একটু বেশি, কিন্তু এখন না এলে আর সময় পাওয়া যাবে না। তাই কষ্ট হলেও কিনতেই হচ্ছে।’
এসএইচ/ক.ম

