রফতানি প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দিষ্ট সীমার মধ্যে পণ্য রফতানির ক্ষেত্রে এখন শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতার কাছে পাঠাতে পারবেন রফতানিকারকরা। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন রফতানিকারকদের বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুত করার সুযোগ দিতে পারবে। এর ফলে রফতানিকারকরা এসব ডকুমেন্ট সরাসরি আমদানিকারক বা তাদের মনোনীত ব্যক্তির কাছে পাঠাতে পারবেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনেক বিদেশি ক্রেতা দ্রুত পণ্য ছাড় করার সুবিধার জন্য নিজেদের নামে শিপিং ডকুমেন্ট ইস্যু করতে চান। বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে রফতানিকারকরা আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দ্রুত ব্যবসা পরিচালনা করতে পারেন।
তবে রফতানি আয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু শর্তও আরোপ করা হয়েছে। ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে যে সংশ্লিষ্ট পণ্যের জন্য বৈধ রফতানি আদেশ রয়েছে। পাশাপাশি বিদেশি ক্রেতা বা কনসাইনির পরিচয় যথাযথভাবে যাচাই করতে হবে।
ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নতুন এই সুবিধা বিশ্ববাজারে ব্যবসা পরিচালনা সহজ করবে। একইসঙ্গে ক্রেতাদের শর্ত পূরণে নমনীয়তা বাড়বে এবং নির্ধারিত সময়ের মধ্যে রফতানি আয় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও আরও কার্যকর হবে।
বিজ্ঞাপন
টিএই/এফএ

