সমস্যাগ্রস্ত শরিয়াহ ভিত্তিক পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি পাঁচ ব্যাংকের তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা অভিন্ন ফরমেটে নিয়ে একীভূতকরণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে বলেছেন। পাঁচ ব্যাংকের অন্য বিষয়গুলোও দ্রুত এক করে অভিন্ন আকারে সম্মিলিত ইসলামী ব্যাংক চালু করার পদক্ষেপ নিতে বলেছেন। ব্যাংক খাতের সংস্কার কার্যক্রমের অংশ হিসাবে একীভূতকরণের কোনো বিকল্প নেই। যত দ্রুত একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে, তত দ্রুত সম্মিলিত ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে।
সোমবার পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের অনুষ্ঠিত এক বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান এসব নির্দেশনা দিয়েছেন। বৈঠকে প্রশাসকদের সহযোগী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বৈঠকে গভর্নর পাঁচ ব্যাংকের তথ্য প্রযুক্তি সমন্বয় করতে কেন দেরি হচ্ছে তা জানতে চান। কর্মকর্তারা বলেন, ব্যাংকগুলো আলাদা আলাদা প্রযুক্তি ব্যবহার করে। তাদের তথ্য একত্রিত করতেও সময় লাগছে। এ ছাড়া একীভূতকরণ চলমান থাকবে কিনা এ নিয়েও বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে।
জবাবে গভর্নর বলেন, একীভূতকরণ থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নেই। সরকার এরই মধ্যে নতুন এই ব্যাংকে ২০ হাজার কোটি টাকার মূলধন জোগান দিয়েছে। আমানত বিমা তহবিল থেকে এসব ব্যাংকের গ্রাহকদের ১২ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। ফলে যত দ্রুত সম্ভব পুরো কার্যক্রম সম্পন্ন করতে হবে।
অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্বল পাঁচ ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। ব্যাংকগুলো হলো— এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক।
বিজ্ঞাপন
টিএই/এফএ

