২০২৫–২০২৬ করবর্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে ব্যক্তি পর্যায়ে প্রায় ৫০ লাখ করদাতার নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রায় ৪১ লাখ করদাতা ইতোমধ্যে অনলাইনে তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৬ মার্চ) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, চলতি করবর্ষে কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এ ব্যবস্থার আওতায় ই-রিটার্ন সিস্টেমে বিপুল সংখ্যক করদাতা নিবন্ধন করেছেন এবং রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়াও দ্রুতগতিতে এগোচ্ছে।
এনবিআর জানায়, ২০২৫–২০২৬ করবর্ষে ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে কোনো করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে না পারলে তিনি ৩১ মার্চের আগে লিখিতভাবে আবেদন করে সময় বৃদ্ধির সুযোগ পাবেন। সংশ্লিষ্ট কর কমিশনার প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় দিতে পারবেন।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড সকল ব্যক্তি করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ মার্চের মধ্যে অথবা কর কমিশনার কর্তৃক অনুমোদিত অতিরিক্ত সময়সীমার মধ্যে ২০২৫–২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করার জন্য অনুরোধ জানিয়েছে।
এমআর/এফএ

