২০২৫–২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদনকে সহজ ও দ্রুত করতে অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই ব্যবস্থার মাধ্যমে করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।
সোমবার (১৬ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এ বছর ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে কোনো করদাতা যদি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে না পারেন, তাহলে তিনি ৩১ মার্চের আগেই লিখিত আবেদন করে অতিরিক্ত সময় চাইতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর কমিশনার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়ানোর অনুমতি দিতে পারবেন।
এনবিআর জানায়, সময় বৃদ্ধির আবেদন এবং অনুমোদনের পুরো প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে “Time Extension” মেন্যু ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে করা আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনের মাধ্যমেই আবেদন অনুমোদন বা নামঞ্জুর করবেন। আবেদন মঞ্জুর হলে করদাতারা নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
বিজ্ঞাপন
তবে অনলাইনে আবেদন করতে হলে করদাতাকে অবশ্যই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত থাকতে হবে এবং ৩১ মার্চ ২০২৬ তারিখের আগেই আবেদন করতে হবে।
যেসব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা চাইলে অনলাইনে অথবা সংশ্লিষ্ট কর সার্কেলে লিখিত আবেদন করে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ড সকল ব্যক্তি করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে অথবা কর কমিশনার কর্তৃক অনুমোদিত অতিরিক্ত সময়ের মধ্যে ২০২৫–২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করার জন্য অনুরোধ জানিয়েছে।
এমআর/এমআই

