শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

​ঈদ সামনে রেখে সবজির দামে ঝাঁজ, কেজিতে ১২০ টাকা করলা-চিচিঙ্গা-বেগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১১:৩১ এএম

শেয়ার করুন:

​ঈদ সামনে রেখে সবজির দামে ঝাঁজ, কেজিতে ১২০ টাকা করলা-চিচিঙ্গা-বেগুন

ঈদকে সামনে রেখে রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। কয়েকদিন আগেও তুলনামূলক কম দামে পাওয়া গেলেও এখন অনেক সবজির দাম বেড়ে গেছে। এতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে স্বল্প আয়ের মানুষ।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, মৌসুমি অনেক সবজির দাম কেজিতে ৮০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এতে বাজারে আসা ক্রেতাদের অনেকেই অসন্তোষ প্রকাশ করছেন।


বিজ্ঞাপন


বাজারে খোঁজ নিয়ে জানা যায়, করলা, চিচিঙ্গা ও ধুন্দল প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হচ্ছে সিমের বিচি ও গোল বেগুন। লম্বা বেগুনের দাম তুলনামূলক কিছুটা কম, কেজি ৮০ টাকা। শসার দামও প্রায় একই, কেজি ৮০ টাকা।

এদিকে টমেটো কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। জালি কুমড়া ৬০ টাকা কেজি, আর বড় কুমড়া বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। পেঁপের দামও কেজিতে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে রয়েছে।

বাজারে সবজি কিনতে আসা ক্রেতা আব্দুল মালেক বলেন, ঈদ সামনে এলেই বাজারে সব কিছুর দাম বাড়ে। সবজিও তার ব্যতিক্রম নয়। কয়েকদিন আগেও যেসব সবজি ৬০-৭০ টাকায় পাওয়া যেত, এখন সেগুলো ১০০ টাকার ওপরে চলে গেছে। এতে আমাদের মতো সাধারণ মানুষের জন্য বাজার করা কঠিন হয়ে যাচ্ছে।

আরেক ক্রেতা শিউলি বেগম বলেন, মাছ-মাংসের দাম তো আগেই বেশি। তাই আমরা বেশি করে সবজি কিনে রান্না করি। কিন্তু এখন সবজির দামও অনেক বেড়ে গেছে। সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।


বিজ্ঞাপন


অন্যদিকে বিক্রেতারা বলছেন, সরবরাহ কিছুটা কমে যাওয়ায় দাম বেড়েছে। পাশাপাশি পরিবহন খরচও বেড়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীর এক সবজি বিক্রেতা বলেন, ঈদের আগে সব সময়ই বাজারে চাহিদা বাড়ে। অনেকেই বেশি করে বাজার করেন। পাইকারি বাজারে দাম বাড়ায় আমাদেরও একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

আরেক বিক্রেতা জানান, গ্রাম থেকে সবজি আনা-নেওয়ার খরচ আগের তুলনায় বেড়েছে। তার ওপর কিছু সবজির সরবরাহ কম। এজন্য দাম কিছুটা বেশি।

Vege

বাজারে দেখা গেছে, অনেক ক্রেতাই আগের মতো বেশি পরিমাণ সবজি কিনছেন না। কেউ কেউ এক কেজির বদলে আধা কেজি করে কিনছেন। এতে বোঝা যায়, দাম বাড়ার প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটায়।

ক্রেতাদের দাবি, বাজারে নিয়মিত তদারকি বাড়ানো হলে এবং সরবরাহ স্বাভাবিক থাকলে হয়তো সবজির দাম কিছুটা কমতে পারে। তবে ঈদ সামনে রেখে বাজারে যে দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে, তাতে আপাতত স্বস্তির কোনো লক্ষণ দেখছেন না সাধারণ মানুষ।


এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর