বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

শক্তিশালী আর্থিক খাত গড়ে তোলার আহ্বান ডিসিসিআই সভাপতির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

dcci

উন্নত অর্থনীতি গড়ে তুলতে দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। 

তিনি বলেন, মুদ্রানীতি, রাজস্বনীতি ও কাঠামোগত সংস্কারের সমন্বিত প্রয়োগের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি করা সম্ভব।


বিজ্ঞাপন


রোববার (৮ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে তাসকীন আহমেদ ঋণের সুদের হার কমিয়ে আনা এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে নীতি সুদের হার ধীরে ধীরে কমানোর প্রস্তাব দেন। পাশাপাশি প্রকৃত বা অনিচ্ছাকৃত ঋণখেলাপিদের জন্য ঋণ পুনঃতফসিল সুবিধা পুনর্বিবেচনার আহ্বান জানান। এছাড়া ঋণ শ্রেণিকরণের সময়সীমা বৃদ্ধি করার প্রস্তাবও দেন তিনি।

তাসকীন আহমেদ বলেন, মুদ্রানীতি, রাজস্বনীতি এবং কাঠামোগত সংস্কারের সমন্বিত বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, আর্থিক খাতের স্থিতিশীলতা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করতে পারবে।

ডিসিসিআই সভাপতির বক্তব্যের জবাবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হলো বেসরকারি খাত। 


বিজ্ঞাপন


তিনি জানান, বর্তমান সরকার বাণিজ্য, ব্যবসা, বিনিয়োগ ও শিল্পখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, কারণ দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পুঁজিবাজারকে গতিশীল ও কার্যকর করতে এবং কেন্দ্রীয় ব্যাংককে আরও বেশি বেসরকারি খাতমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। একই সঙ্গে বেসরকারি খাতে ঋণপ্রবাহ সহজ করা এবং বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঋণপ্রবাহ বৃদ্ধি করাও সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে।

এ সময় ডিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী এবং সহসভাপতি মো. সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর