ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোন। সংগঠনটির উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ও শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পৃথকভাবে ছাত্র-ছাত্রীদের জন্য ইফতারের আয়োজন করা হয়। এতে এক হাজার ৪০০-এর অধিক শিক্ষার্থী ও কর্মচারীকে ইফতার করানো হয়েছে।
জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ডিএমসি ক্যাম্পাসে ছাত্রীদের জন্য মাদুর পেতে ইফতার ও মেহেদি উৎসবের কথা থাকলেও প্রশাসনের বাধায় তা সম্ভব হয়নি। এমনকি ইফতার মাহফিল উপলক্ষ্যে করা আলোকসজ্জাও খুলে ফেলতে হয়েছে সংগঠনটিকে। এ অবস্থায় ছাত্রী হলে ইফতার বিতরণ করেন আয়োজকরা।
বিজ্ঞাপন
ছাত্রদের জন্য ডা. ফজলে রাব্বি হলে শিক্ষার্থী এবং হল ও ক্যাম্পাসের স্টাফদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। হলের মসজিদ ও মসজিদের ছাদে ছাত্র এবং রিডিং রুমে স্টাফদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। এ ছাড়া ছেলে ও মেয়ে উভয়ের দিনেই ইফতার শেষে বাদ মাগরিব ফুচকা ও কফির ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে মেডিকেল জোন ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. জুলফিকার আলী বলেন, উভয় দিনে প্রায় ১৪০০-এর অধিক ছাত্রছাত্রী ও স্টাফকে ইফতার করানো হয়েছে। পবিত্র রমজান মাস মুসলমানদের আধ্যাত্ম সাধনার মাস। এ উপলক্ষে ছাত্রশিবিরের এই আয়োজন। ইসলামী ছাত্রশিবির গঠনমূলক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। ঢাকা মেডিকেল ছাড়াও আগামী ১ মার্চ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং ২ মার্চ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ইফতারের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া ঈদ উপলক্ষ্যেও আমাদের আয়োজন থাকবে।
এসএইচ/এফএ

