বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি পর্যালোচনা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

Ministry of commerce
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি ঘিরে পরিস্থিতি এখনো ‘বিকাশমান’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিষয়টি নিয়ে সরকার পর্যালোচনা চালাচ্ছে এবং বিশদ মূল্যায়নের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্যসচিব মাহবুবুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত পদক্ষেপগুলো দ্রুত পরিবর্তিত হচ্ছে। ‘এটাকে আমরা ইভলভিং সিনারিও বলতে পারি। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত আগের ধার্যকৃত ট্যারিফ বহালযোগ্য নয় বলে মত দিয়েছে। এরপর তারা সব দেশের জন্য প্রথমে ১০ শতাংশ, পরে ১৫ শতাংশ ট্যারিফ ঘোষণা করেছে।’

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বিভিন্ন মাধ্যমে ঘোষণার খবর পাওয়া গেলেও এখনো সরকারি পর্যায়ে লিখিত কোনো নির্দেশনা বাংলাদেশ পায়নি। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের নিজস্ব আইনগত প্রক্রিয়া অনুযায়ী এসব সিদ্ধান্ত নির্দিষ্ট সময়ের মধ্যে কংগ্রেসের অনুমোদনের বিষয়ও জড়িত।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে সম্পাদিত চুক্তি নিয়ে এখনই চূড়ান্ত মন্তব্যের সময় আসেনি। একটি চুক্তির পক্ষে-বিপক্ষে দিক থাকাই স্বাভাবিক। আমরা সব দিক বিবেচনায় নিয়ে পর্যালোচনা করছি।

চুক্তির আলোচনা গোপন রাখা হয়েছিল কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আলোচনার সময় কিছু নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট ছিল। এটি একটি সংবেদনশীল ইস্যু। এই বিকাশমান পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা সমীচীন নয়। 


বিজ্ঞাপন


ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, বিভিন্ন সেক্টরের সম্ভাব্য প্রভাব, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট খাতগুলোর মতামত ও উদ্বেগ সরকার গুরুত্বসহকারে বিবেচনা করছে বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমান বাজারদর নিয়ে মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় তদারকির আওতাধীন আমদানিনির্ভর পণ্যের দাম মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে কিছু সবজি ও নিত্যপণ্যের দাম সাময়িকভাবে বেড়েছিল। রমজানের শুরুতে একসঙ্গে বেশি কেনাকাটার প্রবণতা থাকে, বিক্রেতারাও সুযোগ নেয়। পরে আবার দাম স্বাভাবিক হয়। 

চাঁদাবাজি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এ বিষয়ে আগের অনেক সরকার আশ্বাস দিলেও কার্যকর ফল আসেনি। অপেক্ষা করুন, আমরা কাজ করে দেখাবো।  

এমআর/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর