মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত সারাদেশে গ্যাস সরবরাহ সাময়িকভাবে হ্রাস পাবে।
আজ বুধবার দুপুরে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় পেট্রোবাংলা।
এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
বিজ্ঞাপন
সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, মহেশখালীস্থ ভাসমান এলএনজি টার্মিনাল (FSRU) থেকে এক্সিলারেট এনার্জি পরিচালিত আরএলএনজি সরবরাহ নির্ধারিত সময়ের জন্য কম থাকবে। এর প্রভাব জাতীয় গ্রিডে পড়তে পারে, যার ফলে আবাসিক, বাণিজ্যিক এবং শিল্পখাতে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম অনুভূত হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরবরাহ হ্রাসের কারণে দেশের কোনো কোনো এলাকায় রান্না ও দৈনন্দিন গ্যাসনির্ভর কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে মধ্যাহ্ন থেকে বিকেল পর্যন্ত সময়টিতে চাপ কম থাকার সম্ভাবনা বেশি।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কারিগরি দল নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নে সচেষ্ট রয়েছে বলেও জানানো হয়েছে। কাজ শেষ হলে গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।
সাময়িক এই অসুবিধার জন্য জনসাধারণের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের পর সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এমআর/এএস

