বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নগদে বড় বিনিয়োগ আসছে, আমি সমন্বয় করছি: ব্যারিস্টার আরমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

arman
ব্যারিস্টার আরমান সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: ঢাকা মেইল

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে বড় ধরনের বিদেশি বিনিয়োগ আসার প্রক্রিয়া চলছে এবং তিনি এ বিষয়ে সমন্বয় করছেন বলে জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে প্রাথমিক যোগাযোগ তার মাধ্যমেই হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ সংক্রান্ত প্রস্তাব নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করতে কেন্দ্রীয় ব্যাংকে আসেন ব্যারিস্টার আরমান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


ব্যারিস্টার আরমান জানান, প্রস্তাবিত বিনিয়োগকারীরা বিদেশি এবং তারা নগদে বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহী। তিনি তাদের স্থানীয় প্রতিনিধি হিসেবে প্রাথমিক পর্যায়ে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। বিনিয়োগকারীরা দেশে এলে মূল আলোচনা শুরু হবে বলে জানান তিনি। তবে কোন দেশের বা কোন প্রতিষ্ঠানের পক্ষে তিনি কাজ করছেন—সে বিষয়ে বিস্তারিত জানাননি।

এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নগদের বর্তমান পরিস্থিতির উন্নতি হলেও এটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে বড় বিনিয়োগ প্রয়োজন। স্থানীয় বা বিদেশি—যেকোনো উৎস থেকে বিনিয়োগ এলে তা স্বাগত জানানো হবে।

নির্বাহী পরিচালক বলেন, একসময় নগদ বড় ধরনের সংকটে পড়েছিল। বিশাল গ্রাহকভিত্তির কথা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রশাসক ও প্রশাসক টিম নিয়োগ করে। দীর্ঘ সময় প্রশাসক টিম দায়িত্ব পালন করায় বিভিন্ন আর্থিক সূচক ও লেনদেনে ইতিবাচক পরিবর্তন এসেছে।

আরও পড়ুন

রিজার্ভ ও প্রবাসী আয়ে বড় ‘সুখবর’

তবে এটি স্থায়ী সমাধান নয় উল্লেখ করে তিনি বলেন, নগদ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান। এটি টিকিয়ে রাখতে না পারলে বাজারে একচেটিয়া পরিস্থিতি তৈরি হতে পারে, যা গ্রাহকদের জন্য ক্ষতিকর হবে।

তিনি আরও জানান, অতীতে বিদেশি বিনিয়োগ আহ্বান করে আন্তর্জাতিক দরপত্রের উদ্যোগ নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক সেই উদ্যোগের সঙ্গে একমত ছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময় বিষয়টি চূড়ান্ত হয়নি। এখন নতুন সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নগদের মালিকানার সঙ্গে বাংলাদেশ ডাক বিভাগ জড়িত থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের—এ কথা উল্লেখ করে মুখপাত্র বলেন, বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ক্ষেত্রে সরকারকে পরামর্শ ও কারিগরি সহায়তা দেবে।

তিনি জানান, নগদে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে ইতোমধ্যে তিন থেকে চারটি আবেদন পাওয়া গেছে। আবেদনগুলো একসঙ্গে মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর