শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রমজানে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বন্দর

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ এএম

শেয়ার করুন:

রমজানে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বন্দর

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রাম বন্দরে সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা অপারেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত দুটি কৌশলগত বৈঠকে বন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। বৈঠকে কাস্টম হাউস, বাংলাদেশ রেলওয়ে এবং সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, খেজুর, ফলমূল, মসলা, চিনি ও ভোজ্যতেলের মতো রমজানকেন্দ্রিক পণ্যের শুল্কায়ন ও খালাস অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। কাস্টমস ২৪ ঘণ্টা আমদানি পণ্যের শুল্কায়ন এবং রপ্তানি পণ্যের জাহাজীকরণ কার্যক্রম চালু রাখবে। একই সঙ্গে বন্দরের সার্বক্ষণিক অপারেশনও নিশ্চিত করা হবে।

বন্দর থেকে ঢাকামুখী আটকে থাকা প্রায় দুই হাজার কনটেইনার দ্রুত পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু করা হয়েছে। অপারেশনাল কার্যক্রম ও কনটেইনার হ্যান্ডলিং পর্যবেক্ষণের জন্য দুটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সও গঠন করা হয়েছে।

বন্দর এলাকায় স্ক্যানার সংক্রান্ত জটিলতা ও যানবাহনের সারি কমাতে কাস্টমস কর্তৃপক্ষকে দ্রুত স্ক্যানার মেরামত ও আধুনিকায়নের নির্দেশ দেওয়া হয়েছে। বন্দরের প্রতিটি যন্ত্রপাতি সচল রাখতে একটি ‘কুইক রেসপন্স টিম’ও গঠন করা হয়েছে।

রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, ‘দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের স্বার্থে সরবরাহ শৃঙ্খলে কোনো বিলম্ব বরদাস্ত করা হবে না। সাপ্লাই চেইনে বিলম্বের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করব।’


বিজ্ঞাপন


এদিন বন্দরের অপারেশনাল সক্ষমতা বাড়াতে সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আরিফ আবদুল্লাহর সভাপতিত্বে পৃথক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। এতে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বিএফএফএ, বিকডা, চিটাগাং চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, কাস্টমস, রেলওয়ে ও পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় অংশীজনরা সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা অপারেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে অতিরিক্ত জনবল ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর