রফতানি খাতে তারল্য ও চলতি মূলধন ব্যবস্থাপনা সহজ করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগের মাধ্যমে রফতানিকারকরা ডেফার্ড এলসির বিপরীতে আগাম অর্থায়নের সুবিধা পাবেন, যা রফতানি আয়ের নগদ প্রবাহ দ্রুত করবে।
এর অংশ হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপোর্ট রিসিভেবল ফাইন্যান্স সুবিধা চালু করেছে। এই কর্মসূচির আওতায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্বব্যাপী নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক ক্রেতা ব্যাংকের সঙ্গে সুসম্পর্ক ব্যবহার করে স্থানীয় ব্যাংকের রফতানিকারক গ্রাহকদের প্রতিযোগিতামূলক হারে অর্থায়ন সুবিধা দেওয়া হবে।
বিজ্ঞাপন
সম্প্রতি এই কর্মসূচির আওতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্টার্ন ব্যাংকের মধ্যে মাস্টার রিসিভেবল পারচেজ অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। এর ফলে ইস্টার্ন ব্যাংকের রফতানিকারক গ্রাহকরা ডেফার্ড লেটার অব ক্রেডিটের বিপরীতে আগাম অর্থ পাওয়ার সুযোগ পাবেন। এতে নগদ অর্থের সাইকেল সংক্ষিপ্ত হবে, তহবিলের প্রবাহ বাড়বে এবং পেমেন্ট ম্যাচিউরিটির আগেই অর্থ প্রাপ্তির সুবিধা মিলবে।
এর মাধ্যমে রফতানিকারকদের তারল্য ব্যবস্থাপনা ও চলতি মূলধন পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইতোমধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্রস-বর্ডার সাপ্লায়ার ফাইন্যান্সিং প্রোগ্রাম চালু করেছে, যার মাধ্যমে ডেফার্ড শর্তে রফতানি আয় প্রাপ্তিতে সহায়তা দেওয়া হচ্ছিল। নতুন এই কর্মসূচির মাধ্যমে এখন স্থানীয় অংশীদার ব্যাংকগুলোকেও একই ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। উদ্ভাবনী এই সমাধান রফতানি খাতে ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের কান্ট্রি হেড লুৎফুল আরেফিন খান বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্রস-বর্ডার ট্রেড ফ্লো ও করেসপন্ডেন্ট ব্যাংকিং সমাধানে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে। আরএফএফআই কর্মসূচির মাধ্যমে আমরা রফতানি ভ্যালু চেইনের বিভিন্ন ধাপে সহায়তা আরও শক্তিশালী করতে পারছি। ইস্টার্ন ব্যাংক দীর্ঘদিন ধরে আমাদের একটি নির্ভরযোগ্য অংশীদার, নতুন এই উদ্যোগে তাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।’
বিজ্ঞাপন
ইস্টার্ন ব্যাংক পিএলসির ট্রানজ্যাকশন ব্যাংকিং হেড মো. জাবেদুল আলম বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব রফতানিকারকদের জন্য উদ্ভাবনী ট্রেড ফাইন্যান্স সমাধান নিশ্চিত করবে। সময়মতো তারল্য সরবরাহের মাধ্যমে আমরা টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সহায়তা করছি।’
বাংলাদেশে ১২০ বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনাকারী স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের একমাত্র বহুজাতিক ইউনিভার্সাল ব্যাংক হিসেবে পরিচিত। অন্যদিকে ইস্টার্ন ব্যাংক রিটেইল, এসএমই, করপোরেট ও প্রবাসী গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা দিয়ে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকগুলোর একটি হিসেবে কাজ করছে।
এমআর/এএইচ




