মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দুই যুগের মধ্যে সর্বনিম্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দুই যুগের মধ্যে সর্বনিম্ন

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আরও কমে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরের শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৬ দশমিক ১০ শতাংশ। এর আগে সর্বনিম্ন ৬ দশমিক ২৩ শতাংশ প্রবৃদ্ধি দেখা গিয়েছিল গত বছরের অক্টোবরে।

সাম্প্রতিক সময়ে বেসরকারি খাতে ঋণের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্যবসায়ীরা বলছেন, সংকোচনমূলক মুদ্রানীতির ফলে সুদের হার বেড়ে যাওয়ায় নতুন বিনিয়োগে আগ্রহ কমছে। এর পাশাপাশি আসন্ন নির্বাচন ঘিরে অনিশ্চয়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জ্বালানি সংকটের মতো নানা কারণ বেসরকারি বিনিয়োগে ধীরগতি তৈরি করেছে।

বিনিয়োগ বাড়াতে নীতি সুদহার কমানোর দাবি উঠলেও এ মুহূর্তে সে পথে হাঁটতে রাজি নয় কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে সরকারের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি এখনও ঘোষণা করা হয়নি। সাধারণত বাংলাদেশ ব্যাংক প্রতি ছয় মাস অন্তর অগ্রিমভাবে মুদ্রানীতির ভঙ্গি প্রকাশ করে এবং অতীতে অর্ধবার্ষিকীর প্রথম মাসেই তা ঘোষণা করা হতো।

চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণার জন্য প্রথমে ২৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে মুদ্রানীতি ঘোষণা করা হতে পারে। জানা গেছে, নীতি সুদহার কমানো নিয়ে মতপার্থক্যের কারণে ঘোষণার তারিখ বারবার পরিবর্তন হচ্ছে। এর আগে গভর্নর ড. আহসান এইচ মনসুর মূল্যস্ফীতি ৭ শতাংশে না নামা পর্যন্ত নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার ঘোষণা দেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরের শেষে বেসরকারি খাতে মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। আগের বছরের একই সময়ে এ খাতে ঋণ ছিল ১৬ লাখ ৮৫ হাজার ২৭১ কোটি টাকা। এক বছরে সুদসহ ঋণ বেড়েছে এক লাখ দুই হাজার ৭৫৩ কোটি টাকা, যা শতাংশের হিসাবে ৬ দশমিক ১০। এর আগের মাস নভেম্বর পর্যন্ত প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫৮ শতাংশ। অথচ সর্বশেষ মুদ্রানীতিতে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সংরক্ষিত গত দুই যুগের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এর আগে কখনও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এত নিচে নামেনি। এমনকি করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে বিনিয়োগ কার্যক্রম স্থবির থাকলেও সে সময় ঋণ প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশের ওপরে ছিল। পরবর্তী সময়ে তা আবার দুই অঙ্কে উঠে যায়। তবে গত বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো প্রবৃদ্ধি ৭ শতাংশের নিচে নেমে আসে। ওই মাসে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৮২ শতাংশ, যা ক্রমশ কমে বর্তমান পর্যায়ে পৌঁছেছে।

টিএই/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর