আমদানি বাণিজ্যসংক্রান্ত তথ্য সর্বসাধারণের জন্য সহজলভ্য ও স্বচ্ছ করতে এইচএস কোডভিত্তিক পণ্য আমদানির বিস্তারিত তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, গবেষক, ব্যবসায়ী ও সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড জানায়, তাদের ওয়েবসাইটের প্রকাশনা অংশের শুল্কসংক্রান্ত লিংকে ডিসেম্বর ২০২৫ মাসের বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্যে এইচএস কোডভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী আমদানিকৃত পণ্যের পরিমাণ, ওজন ও মূল্যসংক্রান্ত বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞাপন
জাতীয় রাজস্ব বোর্ডের মতে, নিয়মিতভাবে এ ধরনের তথ্য প্রকাশের ফলে আমদানি সংক্রান্ত তথ্যপ্রাপ্তি আরও সহজ, উন্মুক্ত ও স্বচ্ছ হবে। একই সঙ্গে উদ্যোক্তা, শিক্ষার্থী, গবেষক, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশ্লেষকদের জন্য নির্ভরযোগ্য উপাত্ত ব্যবহারের সুযোগ বাড়বে।
আরও পড়ুন: দেশের রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
এ তথ্যের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পণ্যের তুলনামূলক দর ও দামের ওঠানামা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। পাশাপাশি আমদানির প্রবণতা, মৌসুমি পরিবর্তন ও পণ্যের গতিবিধি বিশ্লেষণ করা সহজ হবে। বাণিজ্য কাঠামো, আমদানি নির্ভরতা, বন্ড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ এবং রপ্তানিমুখী শিল্পে সহায়তা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নেও এই উদ্যোগ সহায়ক হবে বলে জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে গৃহীত অন্যান্য উদ্যোগের পাশাপাশি বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রতি মাসে নিয়মিতভাবে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন
এমআর/এমআই

