বাংলাদেশের উদ্ভাবনভিত্তিক অর্থনীতি ও ভবিষ্যৎ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্টার্টআপ খাতকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে সকল রাজনৈতিক দলের নির্বাচনি ইশতেহারে স্টার্টআপ খাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্যাব)
সংগঠনটির মতে, ভারত, সিঙ্গাপুর, ইসরায়েল ও ভিয়েতনামের মতো দেশগুলো রাষ্ট্রীয় নীতি, বিনিয়োগ সহায়তা ও কর প্রণোদনার মাধ্যমে শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সক্ষম হলেও বাংলাদেশে এখনো এই খাতটি সুস্পষ্ট নীতিমালা ও কাঠামোগত সহায়তার অভাবে পিছিয়ে রয়েছে।
বিজ্ঞাপন
স্যাব মনে করে, স্টার্টআপ খাতকে কেন্দ্র করে সুদূরপ্রসারী রাষ্ট্রীয় সিদ্ধান্ত না নিলে আগামী দিনে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, বৈদেশিক বিনিয়োগ এবং রফতানি বৈচিত্র্য অর্জন কঠিন হয়ে পড়বে।
নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্তির জন্য স্যাবের ১০ দফা দাবি-
১. স্টার্টআপের জন্ম থেকে স্কেল-আপ পর্যন্ত সহায়তার জন্য একটি সমন্বিত ও যুগোপযোগী জাতীয় নীতি প্রণয়ন।
২. এসএমই থেকে পৃথক করে স্টার্টআপের জন্য আলাদা আইনগত পরিচয় ও সুবিধা নিশ্চিতকরণ।
বিজ্ঞাপন
৩. দেশীয় ভেঞ্চার ক্যাপিটাল ও অ্যানজেল ইনভেস্টমেন্ট উৎসাহ প্রদানের জন্য স্থানীয় বিনিয়োগকারীদের জন্য কর ছাড় ও বিনিয়োগ প্রণোদনা চালু।
৪. রাষ্ট্রীয় কো-ইনভেস্টমেন্ট মডেলে সরকারি–বেসরকারি যৌথ স্টার্টআপ ফান্ড গঠন।
৫. নির্দিষ্ট সময়ের জন্য ট্যাক্স হলিডে ও সরল কর ব্যবস্থাপনা।
৬. ফিনটেক, হেলথটেক, এগ্রিটেকসহ উদ্ভাবনী খাতে পরীক্ষামূলক ব্যবসার সুযোগ।
৭. ডিজিটাল ওয়ান-স্টপ সিস্টেমে দ্রুত নিবন্ধন ও বন্ধের ব্যবস্থা।
৮. স্টার্টআপ ডিপ্লোমেসি, বৈশ্বিক প্রদর্শনী ও আন্তর্জাতিক ব্র্যান্ডিং সাপোর্ট।
৯. ঢাকার বাইরে ইনকিউবেটর, অ্যাক্সিলারেটর ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন এবং জেলা ও বিভাগভিত্তিক স্টার্টআপ হাব গঠন।
১০. পাবলিক প্রোকিউরমেন্টে দেশীয় স্টার্টআপ পণ্য ও সেবার জন্য বিশেষ কোটা চালু।
স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্যাব) -এর সভাপতি সাইদুল ইসলাম বলেন, স্টার্টআপ খাত কেবল একটি অর্থনৈতিক সেক্টর নয়—এটি যুবসমাজের কর্মসংস্থান, প্রযুক্তিগত স্বনির্ভরতা ও স্মার্ট বাংলাদেশের ভিত্তি। একটি উদ্ভাবনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে এই ১০ দফা দাবি আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে ইশতেহারে অন্তর্ভুক্ত করতে হবে।
/এএস

