মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডিএসই স্মার্ট সাবমিশন সিস্টেম উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১০:৩০ পিএম

শেয়ার করুন:

ডিএসই স্মার্ট সাবমিশন সিস্টেম উদ্বোধন 

দেশের পুঁজিবাজারে ডিজিটাল রূপান্তরের পথ আরও এক ধাপ এগিয়ে নিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জের ডিএসই টাওয়ারে ‘রেগুলেটরি সাবমিশন মডিউল ও সিএসই অনবোর্ডিং’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ‘আজ পুঁজিবাজারের জন্য একটি ঐতিহাসিক দিন—ডিএসই স্টেকহোল্ডারদের সঙ্গে ডিজিটাল সংযোগ আরও শক্তিশালী ও কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল।’


বিজ্ঞাপন


ডিএসইর চেয়ারম্যান জানান, দীর্ঘদিন ধরে নথি জমা ও রিপোর্টিংয়ের বড় অংশ ম্যানুয়াল ও হার্ড কপি–নির্ভর থাকায় বিনিয়োগ–কার্যচক্র ধীর ও ব্যয়বহুল ছিল। কিন্তু স্মার্ট সাবমিশন সিস্টেম চালুর মাধ্যমে মূল্য সংবেদনশীল তথ্য, রেগুলেটরি রিপোর্ট, আর্থিক বিবরণীসহ প্রয়োজনীয় নথি এখন থেকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে জমা দেওয়া যাবে। পাশাপাশি হার্ড কপি সাবমিশন পদ্ধতি বাতিল হওয়ায় সময়, ব্যয় ও নথি–জট উল্লেখযোগ্যভাবে কমবে এবং তথ্য ব্যবস্থাপনা হবে আরও নিরাপদ, দ্রুত ও পরিবেশবান্ধব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন বলেন, ডিএসই-এর ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে স্মার্ট সাবমিশন প্ল্যাটফর্ম উদ্বোধনের মাধ্যমে পুঁজিবাজারে সঠিক, দ্রুত ও নিরাপদ ডকুমেন্ট জমা দেওয়ার নতুন দিগন্ত খুলে গেল। তিনি জানান, চাইনিজ কনসোর্টিয়াম অংশীদারত্বের মাধ্যমে শুরু হওয়া এ প্রকল্পে বিপিএম–ভিত্তিক কার্যপ্রবাহ অটোমেশন গ্রহণ করা হয়েছে। ডিএসইর কর্মীরা শেনজেন স্টক এক্সচেঞ্জে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে নিজস্ব সক্ষমতায় সিস্টেমটি উন্নয়ন করে।

বিএসইসি কমিশনার বলেন, ভবিষ্যতে আর্থিক তথ্য শুধু পিডিএফে সীমাবদ্ধ থাকবে না; ডিএসই যাবে এআই-পাঠযোগ্য ও মেশিন–রিডেবল এক্সবিআরএল–ভিত্তিক সাবমিশনের দিকে, যা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ডেটা অবকাঠামোর নতুন যুগ নির্দেশ করবে। 

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইদ কুতুব বলেন, দীর্ঘদিনের পিছিয়ে থাকা পুঁজিবাজার ডিজিটালাইজেশনের পথে নতুন করে সূচনা করেছে ডিএসই-এর এ উদ্যোগ। এতে বিনিয়োগকারীর আস্থা পুনরুদ্ধার সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


বিজ্ঞাপন


ডিএসই পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.) বলেন, মাত্র ১৫ দিনের অভিজ্ঞতা নিয়ে ডিএসই ও সিএসই যে নিজস্ব সক্ষমতায় এমন প্ল্যাটফর্ম তৈরি করেছে, তা ডিজিটাল উদ্ভাবনে দেশের সক্ষমতার বড় উদাহরণ।

ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, চীনে স্বল্পমেয়াদি প্রশিক্ষণের পর ডিএসই আইটি টিম যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, তা যৌথ সহযোগিতার সঠিক সিদ্ধান্তের প্রমাণ।

বিএপিএলসির নির্বাহী কমিটির সদস্য মো. কায়ছার হামিদ জানান, নতুন ডিজিটাল সাবমিশন সিস্টেমে তথ্য প্রদানকারীর ডেটা সরাসরি জমা পড়ায় ভুল কমবে এবং দায়িত্বশীলতা বাড়বে।

অনুষ্ঠানে ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম প্রেজেন্টেশনের মাধ্যমে রেগুলেটরি সাবমিশন মডিউল ও সিএসই অনবোর্ডিং-এর বিস্তারিত তুলে ধরেন।

ডিএসইর এই নতুন উদ্যোগকে পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর কার্যপ্রবাহের দিকে বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
 
এমআর/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর