মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

Gold
আবারও কমল স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত

দাম বাড়ানোর ২৪ ঘণ্টার মাথায় দেশে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, শুক্রবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।


বিজ্ঞাপন


বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকায়, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার–নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস–নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে গত ১৯ নভেম্বর দেশে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা। সেসময় ২১ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা। নতুন দাম কার্যকর হয় ২০ নভেম্বর থেকে।

চলতি বছর এখন পর্যন্ত ৮০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৪ বার বেড়েছে, কমেছে ২৬ বার। গত বছর স্বর্ণের দাম ৬২ বার সমন্বয় হয়েছিল।


বিজ্ঞাপন


স্বর্ণের দাম কমলেও দেশে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৬০১ টাকা। চলতি বছর রুপার দাম ৯ বার সমন্বয় হয়েছে; বেড়েছে ৬ বার, কমেছে ৩ বার। গত বছর সমন্বয় হয়েছিল ৩ বার।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর