শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি আটাব সদস্যদের 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১০:২৬ পিএম

শেয়ার করুন:

খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি আটাব সদস্যদের 

ট্রাভেল এজেন্সি খাতের স্বার্থ রক্ষায় ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ (খসড়া)–এর কয়েকটি ধারা বাতিলের দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)–এর সাধারণ সদস্যরা। তাদের অভিযোগ, খসড়া আইনে এমন কিছু বিধান যুক্ত করা হয়েছে যা পুরো ট্রাভেল শিল্পকে দুর্বল করে দেবে এবং লাখো মানুষের জীবিকাকে হুমকির মুখে ফেলবে।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর হোটেল ভিক্টরির সামনে আটাবের সাধারণ সদস্যদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এসব দাবি তুলে ধরা হয়। মানববন্ধনে সদস্যরা স্লোগান দেন— “যে আইন জীবিকা কেড়ে নেয়, তা জনগণের জন্য নয়”, “বিটুবি বন্ধ নয়, সমাধান চাই”, “আমরা ভ্যাট দেই, ট্যাক্স দেই, তবু কেন ব্যবসা বন্ধের আইন?”, “অবৈধ আইন নয়, ট্রাভেল এজেন্সি বাঁচার আইন চাই” প্রভৃতি।


বিজ্ঞাপন


মানববন্ধনে আটাবের সাধারণ সদস্যরা বলেন, খসড়া আইনে এমন কয়েকটি ধারা রয়েছে যা বাংলাদেশের ট্রাভেল ট্রেডের জন্য চরম ক্ষতিকর। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য—

১. অফলাইন ট্রাভেল এজেন্সির জন্য ১০ লাখ টাকা জামানত রাখার বাধ্যবাধকতা রয়েছে। তাঁদের দাবি, ক্ষুদ্র ও মাঝারি ট্রাভেল এজেন্সিগুলোর পক্ষে তফসিলি ব্যাংকে ১০ লাখ টাকা জামানত রাখা বাস্তবসম্মত নয়। এ নিয়ম চালু হলে অসংখ্য ছোট এজেন্সি ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হবে।

২. সদস্যদের মতে, এই ধারা কার্যক্রম সীমিত করে দেবে, সেবার মান কমাবে এবং যাত্রীদের ভোগান্তি বাড়াবে। এতে ছোট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, বেকারত্বও বাড়বে। আন্দোলনকারীরা বলেন, এটি অপ্রয়োজনীয় হয়রানি বাড়াবে। পূর্বের বিধান বহাল রাখার দাবি জানান তাঁরা।

সদস্যরা জানান, অনলাইন প্ল্যাটফর্মে অনিয়ম বন্ধে শাস্তির বিধান থাকতে পারে, তবে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন—তা নিশ্চিত করতে হবে।


বিজ্ঞাপন


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন—একটি সিন্ডিকেটের নীলনকশা অনুযায়ী আটাব কমিটি বাতিল করে সংগঠনকে দুর্বল করার চেষ্টা চলছে। যখন ট্রাভেল শিল্প কঠিন সংকটে, তখন শক্তিশালী নেতৃত্বের অভাব পুরো খাতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে।

সাধারণ সদস্যরা বলেন, দেশের ভ্রমণ ও পর্যটন শিল্পকে টিকিয়ে রাখতে ব্যবসাবান্ধব ও অংশগ্রহণমূলক আইন প্রণয়ন জরুরি। আলোচনার মাধ্যমে সব পক্ষের মতামত নিয়ে বাস্তবসম্মত আইন করা না হলে খাতটির অস্তিত্বই হুমকির মুখে পড়বে।
 
মানববন্ধনে উপস্থিত আটাবের সাবেক সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, “সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি—ট্রাভেল এজেন্সির ব্যবসাবিরোধী ধারাগুলো অবশ্যই সংশোধন করতে হবে। ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক চাপ কমাতে পদক্ষেপ নিতে হবে।” একই দাবি জানান সাবেক মহাসচিব আসফিয়া জান্নাত সালেহসহ অন্যান্য নেতারা।

এমআর/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর