রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাণিজ্যে তুরস্কের সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

বাণিজ্যে তুরস্কের সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে সফররত পাঁচ সদস্যের তুর্কি সংসদীয় প্রতিনিধি দল। ছবি: মন্ত্রণালয়

বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একইসঙ্গে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সফররত পাঁচ সদস্যের তুর্কি সংসদীয় প্রতিনিধি দল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান মেহমেত আকিফ ইয়িলমাজের নেতৃত্বে এ প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেন।

পররাষ্ট্র উপদেষ্টা প্রতিনিধি দলকে আন্তরিক স্বাগত জানিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তায় তুরস্কের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিনিধি দল ১ ও ২ নভেম্বর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে তুর্কি মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করেছেন।

সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত ও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।

তুরস্কে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারের আহ্বান জানান উপদেষ্টা। এছাড়া বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে তুরস্কের আগ্রহ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।


বিজ্ঞাপন


পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ সরকার সম্প্রতি দেশে তুরস্কের সাংস্কৃতিক সংস্থা ‘ইউনূস এমরে ইনস্টিটিউট’-এর একটি শাখা স্থাপনের অনুমোদন দিয়েছে, যা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে। 

এ সময় বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান মেহমেত আকিফ ইয়িলমাজ কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিবির পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ সরকারের মানবিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, তুরস্ক বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে কাজ করবে।

সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত ছিলেন।

এসএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর